সরাইলে পিকআপ ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় বিকল একটি পিকআপ ভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণের প্রাণ গেছে। নিহত ব্যক্তি মোটরসাইকেলের চালক আশিস চন্দ্র দাস। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই তরুণ উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের সুচিন্ত চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশিস চন্দ্র দাস পেশায় মোটরসাইকেল মেরামতকারী। জেলার নাসিরনগর উপজেলা সদরে তাঁর দোকান রয়েছে। নাসিরনগর থেকে সপ্তাহে দু–এক দিন তিনি গ্রামের বাড়িতে গিয়ে থাকেন। শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে তাঁর দোকান বন্ধ থাকবে। এ জন্য তিনি কাজ শেষ করে আজ রাত আটটার দিকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে আশিস চন্দ্রের মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় কোনো হেলমেট ছিল না।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ জেলা সদর হাসপাতালে রয়েছে। মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।