ইজতেমাফেরত মানুষের ভিড়ে মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাজাত শেষে ইজতেমা ফেরত মানুষের ভিড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বিকেল ৫টার দিকে সড়কটির টঙ্গী স্টেশনরোড এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মোনাজাত শেষে সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। কিন্তু মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হাজার হাজার মুসল্লি হেঁটে গন্থব্যে রওনা দেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।  

মোনাজাত চলাকালে ইজতেমা এলাকায় অবস্থানকালে দেখা যায়, মোনাজাতে অংশ নিতে আসা কয়েক হাজার মুসল্লি ইজতেমা মাঠে জায়গা না পেয়ে সড়কে বসে পড়েছেন। তখন সড়ক দিয়ে কোনো যানবাহন তো দূরের কথা, হাঁটারই উপায় ছিল না। মোনাজাত শেষ হলে বেলা ১১টার দিকে আবারও যানবাহন চলা শুরু হয়। তবে বিপুলসংখ্যক মুসল্লি মহাসড়ক ধরে হাঁটায় দেখা দেয় যানজট।

আজ রোববার সকালে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। মোনাজাতে  অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে জড়ো হন লাখো মুসল্লি। তাঁরা মাঠে জায়গা না পেয়ে বসে পড়েন সড়কে। শনিবার রাত থেকেই সড়কটির ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাহপুর পর্যন্ত বন্ধ ছিল যান চলাচল।

বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়কটির বিভিন্ন স্থানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহমুখী সড়কে রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের টঙ্গীর কলেজগেট পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকামুখী সড়কে কলেজগেট থেকে আবদুল্লাহপুর মোড় পর্যন্ত থেমে থেমে চলছে। এর মাঝে কখনো কখনো লেগে যাচ্ছে যানজট।  

উত্তরার হাউস বিল্ডিং এলাকার ট্রাফিক পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, গাজীপুরে ঠিকমতো গাড়ি ঢুকছে না। এ কারণে যানজট চলে গেছে এয়ারপোর্ট পর্যন্ত। তবে ঢাকামুখী সড়কে খুব একটা চাপ নেই।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত শুক্রবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন জুবায়েরপন্থী মুসল্লিরা। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।