বগুড়ায় ঝাড়ু-লাঠি হাতে সড়কের শৃঙ্খলা-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা
শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার দুপুরেই দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই বিকেলে বগুড়া আওয়ামী লীগের কার্যালয়, সদর থানা, সদর ফাঁড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। হামলা-লুটতরাজ হয় শহরের বাণিজ্যিক বিপণিকেন্দ্র পুলিশ প্লাজায়। রাতেও চলে সহিংসতা। সহিংস পরিস্থিতিতে শহরের সব থানা-ফাঁড়ি ছেড়ে পুলিশ লাইনসে আশ্রয় নেয় পুলিশ। পালন করে কর্মবিরতি।
তবে মঙ্গলবার ভোর হতে না হতেই শহরে নেমে পড়েন শিক্ষার্থীরা। শহরের রাস্তায় যানজট নিরসনে কেউ লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন, কেউ শহরের রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। বিকেলে শহরের রাস্তায় রাস্তায় ঢল নামে শিক্ষার্থীদের। কারও হাতে ঝাড়ু, কারও হাতে ময়লা-আবর্জনাভর্তি বস্তা।
বিকেলে বগুড়া শহরের সাতমাথা থেকে শুরু করে সার্কিট হাউস সড়ক, জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়ক, শহীদ আব্দুল জব্বার সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়ক, পৌরসভা লেনসহ বিভিন্ন সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, ভাঙা কাচ, পুড়ে যাওয়া জিনিসপত্র, ভস্মীভূত ছাই, পানির খালি বোতল, পলিথিন কুড়াতে দেখা যায় শিক্ষার্থীদের। ধ্বংসস্তূপ থেকে এসব সড়কের চেহারা বদলে মুহূর্তেই ঝকঝকে হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীরা রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।
শিক্ষার্থীরা বলেন, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, সেগুলো পরিষ্কারে কাজ করছেন তাঁরা। সড়ক অপরিষ্কার থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। চলাচলের রাস্তা নির্বিঘ্ন করতেই সড়ক পরিষ্কারে নেমেছেন। তাঁরা আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত থাকলেও বিজয়ের পর লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
শিক্ষার্থীরা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম ধাপে বিজয় এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। কিছু দুর্বৃত্ত ভাঙচুর-অগ্নিসংযোগ ও নাশকতা করে রক্তের বিনিময়ে তাঁদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ কারণে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পাড়া–মহল্লা ও ধর্মীয় উপাসনালয়ে দল বেঁধে পাহারার কাজ করবেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশে সব ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায়বিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতেই শত শত শহীদের আত্মত্যাগ।
এদিকে সকাল থেকেই শহরে যানজট নিরসনের কাজে নামেন শিক্ষার্থীরা। তাঁরা ব্যক্তিগত উদ্যোগে এ কাজে নামেন। সকাল থেকে শহরের সাতমাথার বিভিন্ন সড়কে লাঠি হাতে যানজট নিরসনের কাজ করতে দেখা যায় তাঁদের। বিকেলে এ কাজে নেমে পড়েন অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।’