গোপালপুরের আলমনগর বিদ্যালয়
প্রধান শিক্ষক ২০ মাস ধরে অনুপস্থিত, পাঠদান ব্যাহত
এই বিদ্যালয়ে শিক্ষার্থী বর্তমানে আড়াই শতাধিক। প্রধান শিক্ষক সুখলাল ছাড়া এখানে আরও পাঁচজন শিক্ষক কর্মরত।
১৯১৪ সালে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে শিক্ষার্থী আড়াই শতাধিক।
প্রধান শিক্ষক সুখলালের স্ত্রী দীপালি রানী দাস ডিবি লটারি বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে সপরিবার অভিবাসনের সুযোগ পান। তারপর তাঁরা যুক্তরাষ্ট্রে চলে যান।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস টানা ২০ মাস ধরে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। এর আগেও ছয় মাসের বেশি সময় তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁর এই অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানায়, প্রধান শিক্ষক সুখলাল দাস বিদেশে পাড়ি জমিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯১৪ সালে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে শিক্ষার্থী বর্তমানে আড়াই শতাধিক। প্রধান শিক্ষক সুখলাল ছাড়া আরও পাঁচজন শিক্ষক এখানে কর্মরত।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষক সুখলাল দাসের স্ত্রী দীপালি রানী দাস গোপালপুরের কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ডিবি লটারি বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে সপরিবার অভিবাসনের সুযোগ পান। তারপর তাঁরা যুক্তরাষ্ট্রে চলে যান। যাওয়ার সময় দীপালি রানী দাস চাকরি থেকে অব্যাহতি নিয়ে যান। কিন্তু সুখলাল দাস অব্যাহতি না নিয়ে যুক্তরাষ্ট্রে যান। ছয় মাসের অধিক সময় সেখানে কাটিয়ে দেশে ফিরে আসেন। এসে বেতন–ভাতা তুলে নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুখলাল দাস উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন সে সময়। তাই তিনি প্রভাব খাটিয়ে ছুটি মঞ্জুর করান।
বিদ্যালয় সূত্র জানায়, সুখলাল দাসের অনুপস্থিতিতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে তাঁর পক্ষে পাঠদানে তেমন সময় দেওয়া সম্ভব হচ্ছে না।
ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, সুখলাল দাস ২০২১ সালের ১৮ জানুয়ারি পুনরায় যুক্তরাষ্ট্রে চলে যান। এর পর থেকে তিনি আর বিদ্যালয়ে আসছেন না। দীর্ঘদিন তাঁর অনুপস্থিতির কারণে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জানান, প্রধান শিক্ষক সুখলাল ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় চিকিৎসা সনদ বা এ–সংক্রান্ত কোনো কাগজপত্র জমা দেননি। তাই তাঁর অবসর গ্রহণের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করা যায়নি। তিনি জানান, তাঁরা জানতে পেরেছেন, সুখলাল দাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিনা অনুমতিতে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক কার্যালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে সুখলাল দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে গোপালপুরে অবস্থানরত তাঁর স্বজনেরা জানিয়েছেন, তিনি অসুস্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করছেন। দেশ ত্যাগের আগে তিনি শারীরিক অক্ষমতাজনিত অবসর গ্রহণের আবেদন করে গেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদন মঞ্জুর করেনি।