সীতাকুণ্ডে দুই পক্ষের বিরোধে এক কিশোর নিহত, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে শিশু–কিশোরদের বিরোধের জের ধরে এক কিশোরকে হত্যা করা হয়েছে। তার নাম মোহাম্মদ ইমন (১৫)।
গতকাল রোববার রাত আটটার দিকে জঙ্গল সলিমপুরের লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুর ১২টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ ইমন সলিমপুরের বরইতলা এলাকার মো. সবুজের ছেলে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেছেন সবুজ।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের ২ ও ৪ নম্বর সমাজের শিশু-কিশোরদের দুই পক্ষের বিরোধের জেরে ইমনকে খুন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় মানুষের সূত্রে জানা যায়, খেলাধুলাসহ বিভিন্ন বিষয় নিয়ে জঙ্গল সলিমপুরের ২ ও ৪ নম্বর সমাজের শিশু-কিশোরদের মধ্যে বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে এক দফা কথা-কাটাকাটি ও মারামারি হয়। পরে স্থানীয় লোকজন দুই পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসা করে দেন। মীমাংসার সময় ঘটনাস্থলে ছিল ইমন।
রাত আটটার দিকে যখন সবাই ঘরে ফিরছিল, তখন পেছন থেকে কয়েকজন লাঠি দিয়ে ইমনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। ইমনকে উদ্ধার করে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনা তদন্ত করে এখন পর্যন্ত পাঁচজনের সম্পৃক্ততা পেয়েছেন তিনি। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।