সাজেকের পর্যটকবাহী ছোট যানগুলো চলাচল করছে নতুন পথ দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইনী নদীর বেইলি সেতু ভেঙে নিচে পড়ে আছে পাথরবোঝাই ট্রাক৷ আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায়
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর বেইলি সেতু ভেঙে পড়ে দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পর্যটনকেন্দ্র সাজেকের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকের পর্যটকবাহী ছোট যানবাহনগুলো থানা বাজার নতুন সেতু দিয়ে চলাচল করছে। ওই সেতু দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক মাইনী নদীর বেইলি সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সেতুটির দৈর্ঘ্য ১১০ মিটার বলে জানা গেছে।

সেতুটি মেরামত করতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় করে সেতুটির মেরামতের কাজ শুরু করব। সেতুটি মেরামত করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। এ অবস্থায় পর্যটনকেন্দ্র সাজেকগামী ছোট ছোট যানবাহন বিকল্প সেতু দিয়ে চলাচল করতে পারছে।’

মঙ্গলবার দুপুরে ভেঙে যাওয়া সেতু পরিদর্শনে আসেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. নাইমুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। ২০১৭ সালের ২৭ অক্টোবরও সেতুটি একবার ভেঙে পড়েছিল। তখন ১০ দিন ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার সকালে মাইনী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ৩৬০ ফুট দৈর্ঘ্যের মাইনী সেতুর পূর্ব অংশের ১২০ ফুট বেইলি সেতু ভেঙে ১০ চাকার পাথরবাহী ট্রাক সেতু ভেঙে নদীতে পড়ে গেছে। সেতু ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজন হেঁটে নদী পার হচ্ছেন।

প্রত্যক্ষদর্শী মো. ফজল মিয়া, নিতা চাকমা ও জোনাকি চাকমা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ১০ চাকার পাথরবোঝাই ট্রাকটি মাইনী সেতু পার হওয়ার সময় বিকট শব্দে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাক থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে।

কবাখালী এলাকার মো. হোসেন বলেন, মাইনী নদীর এ সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর বিকেলে কাঠবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছিল। আজও পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় একই সেতু ভেঙে পড়েছে। সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বেইলি সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। কবাখালী, বাবুছড়া, বাঘাইহাট, বাঘাইছড়ি ও সাজেক সড়কে বড় কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘মাইনী সেতুটি ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধনে আছে। তবে সেতু ভেঙে পড়ার খবর শুনে সেতু এলাকায় আমাদের লোক পাঠিয়েছি।’