নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
সিরাজগঞ্জে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সিয়াম শেখ (২৩) নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওয়াছকরনী এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সিয়াম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে তাঁর নানির বাড়িতে বেড়াতে যান। সেখানে তাঁর নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নানিকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান সিয়াম। এ সময় স্থানীয় লোকজন ওয়াজেদাকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ওয়াজেদা খাতুনের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।