নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুটি হত্যা মামলায় পুনরায় জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুরে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক শরীফ উদ্দীন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। একটি মামলায় একজন সাক্ষীর সাক্ষ্যও নেওয়া হয়।

দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও আইনজীবীদের কাছ থেকে জানা যায়, নাটোর শহরের তেবাড়িয়া এলাকার রাকিব ও রায়হান হত্যা মামলা এবং আলাইপুরের যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি ওই দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। গত ২৬ সেপ্টেম্বর ওই দুটি মামলার শুনানির তারিখ ছিল। ওই দিন তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

রুহুল কুদ্দুস তালুকদার
ছবি: সংগৃহীত

আজ দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন আদালতকে জানান, রুহুল কুদ্দুস মরণব্যাধিতে আক্রান্ত। তিনি ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়ে কেমোথেরাপি নিচ্ছিলেন। এ কারণে আদালতে হাজির হতে পারেননি।

রুহুল কুদ্দুস তালুকদারের বড় ভাই আইনজীবী রুহুল আমীন তালুকদার আদালতকে জানান, তাঁর ভাই নাটোর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি পরবর্তী তারিখে আসামিকে হাজির করার অঙ্গীরনামা দিতেও প্রস্তুত আছেন।

রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত কৌঁসুলি আরিফুর রহমান জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, আসামি রুহুল কুদ্দুস যতটা অসুস্থতার কথা বলছেন, প্রকৃতপক্ষে তিনি ততটা অসুস্থ নন। তাঁকে বিভিন্ন সভা–সমাবেশে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এ সময় আদালত রুহুল কুদ্দুস তালুকদারের কাছে জানতে চান, ২৬ সেপ্টেম্বরের আগেও তিনি কত দিন আদালতে অনুপস্থিত ছিলেন?

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক রুহুল কুদ্দুস তালুকদারকে দুটি মামলাতেই পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। অসুস্থতার কারণে তাঁকে জামিন দেওয়া হলো বলেও জানানো হয়।

রুহুল কুদ্দুস তালুকদারকে জামিন দেওয়ার পরপরই আদালতে রাকিব-রায়হান হত্যা মামলার সাক্ষী ইদ্রিস আলীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষী আদালতকে ঘটনার তারিখ বলতে পারেননি। তিনি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না বলেও জানান। তবে গুলিতে দুজন লোক মারা গেছেন বলে তিনি শুনেছিলেন। আসামিপক্ষ থেকে জেরা করার পর রাষ্ট্রপক্ষ থেকে ওই সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করা হয়।