পতন আঁচ করতে পেরে সরকার বেসামাল হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের সদর রোডের অশ্বিনীকুমার টাউন হল-সংলগ্ন জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি
ছবি: সাইয়ান

বিএনপির নেতৃত্বে জনগণ এ সরকারের পতনের দাবিতে মাঠে নেমেছে। নিজেদের পতন আঁচ করতে পেরেই অবৈধ আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে পড়েছে। এ জন্য ফ্যাসিস্ট সরকার বিরোধী নেতাদের গ্রেপ্তার, সমাবেশে বাধা, নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন বক্তারা। নগরের সদর রোডের অশ্বিনীকুমার টাউন হল-সংলগ্ন জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন, গায়েবি মামলা দিয়ে ক্ষমতাকে আঁকড়ে রেখেছে। দেশের রিজার্ভ লুট করে বিদেশে পাচার করেছে। এমন কোনো খাত নেই যে তা থেকে লুটপাট করে ধ্বংস করে দেয়নি। কিন্তু এবার রাতে ভোট করতে পারবে না জেনে মাথা খারাপ হয়ে গেছে। তাই যেখানেই বিএনপি সমাবেশে দেয়, সেখানেই বাধা দেয়। গায়েবি মামলা দেয়, গুলি চালায়। কিন্তু এসব করেও তাদের শেষ রক্ষা হবে না। তাদের দিন ফুরিয়ে এসেছে।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান, মাকসুদুর রহমান, মহানগর বিএনপির সদস্য আ ন ম সাইফুল আহসান, মহানগর মহিলা দলের সভাপতি পাপিয়া বেগম, মহানগর শ্রমিক দল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, উত্তর জেলা বিএনপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মঞ্জুরুল হাসান প্রমুখ।