টাঙ্গাইল–৮: ভোজের আয়োজন করায় বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

আহমেদ আযম খান (বাঁয়ে) ও সালাউদ্দিন আলমগীরছবি: সংগৃহীত

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

গণভোজের আয়োজন করায় বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী পাড়া এলাকায় একটি নির্বাচনী পথসভায় ওই আয়োজন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার তাঁকে জরিমানা করেন।

এর আগে গত মঙ্গলবার আচরণবিধি না মেনে বিরিয়ানি রান্নার কারণে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত রান্না করা খাবার কাকড়াজান ইউনিয়নের পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেন।

এ বিষয়ে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়মিত নজরদারি চলছে। বিধি লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।