সিলেট সিটি নির্বাচন
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে গায়েবি মামলা দেওয়ার অভিযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ করায় গায়েবি মামলা দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী। আজ মঙ্গলবার বিকেলে সায়ীদ মো. আবদুল্লাহ নামের ওই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ মহড়া দেওয়ার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন সায়ীদ মো. আবদুল্লাহ। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ওই মহড়ায় থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আজ পর্যন্ত অস্ত্রটি উদ্ধার করা হয়নি।
আজ রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে সায়ীদ মো. আবদুল্লাহ উল্লেখ করেন, ৬ জুন আফতাব হোসেন খান ১০-১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাসার ফটকে গিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর হুমকি দেয়। ইতিমধ্যে এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ধারাবাহিক কার্যক্রমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী হয়েছিলেন তিনি।
সায়ীদ মো. আবদুল্লাহ আরও উল্লেখ করেন, পরিতাপের বিষয় বাসার সামনে আগ্নেয়াস্ত্রের মহড়ার সাত দিনেও অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল অস্ত্রধারীসহ অন্যরা গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করছে না। উল্টো গত রোববার তার (সায়ীদ মো. আবদুল্লাহ) বিরুদ্ধে গায়েবি ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে তিনিসহ তাঁর কর্মী-সমর্থকেরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। এ নিয়ে নগরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সায়ীদ মো. আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে আরও অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভুল তথ্য দিয়ে সিলেটের বিমানবন্দর থানায় মামলা করেছেন আফতাব হোসেন খান। মামলায় তিনিসহ ১৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
সায়ীদ মো. আবদুল্লাহ আরও অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়ার ঘটনা আড়াল করে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও কর্মী–সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়াতেই সাত দিন পর মিথ্যা মামলা করা হয়েছে। কিন্তু এ ঘটনার সঙ্গে তিনি ছাড়াও তাঁর কর্মী-সমর্থক কেউই জড়িত নন। মামলায় যে সময় ও স্থানের কথা উল্লেখ করা হয়েছে, ওই সময়ে তিনি কোথায় ছিলেন, সেটি ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা দেখলে স্পষ্ট হয়ে যাবে। এমনকি যে স্থানে হামলার কথা বলা হয়েছে, ওই স্থানের আশপাশের সিসিটিটি ক্যামেরা রয়েছে। মামলাটি শতভাগ বানোয়াট, তা নিয়ে ন্যূনতম সন্দেহের অবকাশ নেই। যেখানে অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে প্রচারণা পর্যন্ত চালাতে পারছেন না এবং কর্মী-সমর্থকেরা ভোটারদের ঘরে যেতে পারছেন না, সেখানে তাঁদের বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা হাস্যকর ছাড়া কিছু নয়। ভোটাররা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশনের নির্দেশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমলে নিচ্ছে না। অস্ত্রের মহড়া দেওয়া আসামিরা মোটরসাইকেলে করে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এতে তিনিসহ তাঁর কর্মী-সমর্থকেরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কল্পনা ছাড়া কিছুই নয়।
আফতাব হোসেন খানসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে নির্বাচনী পরিবেশ মারাত্মক সংঘাত ও অশান্তিপূর্ণ হয়ে উঠবে বলে উল্লেখ করেন সায়ীদ মো. আবদুল্লাহ। সেই সঙ্গে তাঁর ও সমর্থকদের বিরুদ্ধে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে সিলেটি সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে সায়ীদ মো. আবদুল্লাহর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটির নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।