খালে ভাসছিল অর্ধগলিত লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ
চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শাক্যমুনি বিহারের নিকটবর্তী এলাকায় চাঁনখালী খাল থেকে লাশটি উদ্ধার হয়। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় এক জেলে খালে জাল বসিয়েছিলেন। সকালে সেই জাল তুলতে গিয়ে খালের পানিতে অর্ধগলিত লাশটি দেখতে পান তিনি। এরপর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জিয়াউল হক বলেন, লাশটি ৫-৬ দিন আগের। অর্ধগলিত হওয়ায় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওসি বলেন, ‘নিহত ব্যক্তির পরনে সাদা শার্ট ছিল। তাঁর আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’