র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের। তাঁদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্নভাবে অপমান ও হেয় করা হয়। এ সময় তাঁদের অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই ধরনের ঘটনা ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় অভিযুক্ত ৯ শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’