আওয়ামী লীগের পতনের ঝড় উঠেছে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। শনিবার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের পতনের ঝড় উঠেছে। দলটি এখন চারদিকে অন্ধকার দেখছে।  

শনিবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মোয়াজ্জেম হোসেন বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অন্যায় করে আর পালাতে পারবেন না। অপেক্ষা করেন, আরও নিষেধাজ্ঞা আসছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছ প্রমুখ।

এর আগে জেলা বিএনপির নেতা–কর্মীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন। এ সময় পুলিশ পুরো ঈদগাহ ময়দান ঘিরে রাখে। পরে তাঁরা বাধ্য হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।