বাউফলে এবার উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংসদ সদস্যের পক্ষের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজকে দায়ী করে বক্তব্য দেন বক্তারা।
ওই বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও কুরুচিপূর্ণ দাবি করে আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য আ স ম ফিরোজের পক্ষের লোকজন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের একাংশের দপ্তর সম্পাদক পরিচয় দেওয়া ফরিদ আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য আ স ম ফিরোজকে নিয়ে আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি বিভিন্ন মিথ্যাচার ও কটূক্তি করছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক। বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের আশীর্বাদপুষ্ট হয়ে ও কালোটাকা ব্যবহার করে বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। হঠাৎ করে রহস্যজনকভাবে পটুয়াখালী জেলা আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগের নেতা বনে যান বিএনপির পরিবারে বেড়ে ওঠা জিয়াউল হক। উপজেলার পাঁচ–সাত খুনের নেপথ্যের নায়ক তিনি।
লিখিত বক্তব্যে ফরিদ আহমেদ আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার আ স ম ফিরোজের আনুকূল্যে ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। পেয়েছেন দলীয় পদ-পদবি। এসব পদ-পদবি পেয়ে উচ্চাভিলাষী ও বিপথগামী হয়েছেন এ ব্যক্তি। একের পর সরকারি-বেসরকারি জমি দখল করে নাম লিখিয়েছেন ভূমিদস্যুর খাতায়।
সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করা না হলে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে বলেও লিখিত বক্তব্যে বলা হয়।
অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সূর্য্যমনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ওরফে বাচ্চু, কেশবপুর ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন ওরফে পিকু, ধূলিয়া ইউপির চেয়ারম্যান মো. হুমায়ন কবির, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাচ মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচি ঘিরে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অর্ধশত ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন সংসদ সদস্য আ স ম ফিরোজের অনুসারীরা।
ওই ঘটনার ১ মাস ১০ দিন পর চিকিৎসা শেষে গত বুধবার এলাকায় ফেরেন আবদুল মোতালেব হাওলাদার। এরপর তাঁর ওপর হামলার প্রতিবাদে ওই দিনই উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বাউফল শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন তিনি। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. জসীম উদ্দিন ফরাজি। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মো. জিয়াউল হক।
বক্তারা বলেন, সংসদ সদস্য আ স ম ফিরোজের উপস্থিতিতে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী আবদুল মোতালেব হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ওই ঘটনায় আ স ম ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন তাঁরা।
এ বিষয়ে আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘যা সত্য, প্রতিবাদ সভায় তা-ই বলেছেন বক্তারা। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ করি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরপর তিনবার দায়িত্ব পালন করছি। আমি যদি বিপথগামী ও ষড়যন্ত্রকারী হই, তিনি তো (আ স ম ফিরোজ) আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছিলেন; তিনি কী?’
ক্ষোভ প্রকাশ করে আবদুল মোতালেব বলেন, ‘আমার ওপর হামলাকারী এবং এ ঘটনায় করা মামলার আসামি সংসদ সদস্য আ স ম ফিরোজ সাহেবের ভাতিজা এনামুল হকও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর চেয়ে দুঃখ আর কী হতে পারে?’
পৌর মেয়র জিয়াউল হক প্রথম আলোকে বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাংবাদিকদের সামনে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর, অসত্য ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে তিনি দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।