৮ বছর কারাভোগের পর ভারত থেকে রামুতে ফিরলেন ৫ যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচারকারীর খপ্পরে পড়ে ভারতে পাচার হয়েছিলেন কক্সবাজারের রামুর ছয় যুবক। প্রায় আট বছর কারাভোগের পর গতকাল শুক্রবার পাঁচজনকে রামুতে ফিরিয়ে আনা হয়
ছবি: প্রথম আলো

ভারতের রাজধানী দিল্লিতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছয় যুবককে স্থলপথে কলকাতা নেয় মানব পাচারকারীরা। এর বিপরীতে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর অনুপ্রবেশের দায়ে টানা আট বছর তাঁরা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে পাঁচ যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে স্বজনদের হাতে তুলে দেওয়ার পর তাঁরা রামুতে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এ পাঁচ ব্যক্তি হলেন উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের উত্তর পাড়ার শফিউল আলম, আবদুল হামিদ, দক্ষিণ পাড়ার সোহেল রানা, পূর্ব তিতারপাড়ার নুরুল আজিম ও টেকপাড়ার মুহাম্মদ ইসমাঈল। তাঁদের সঙ্গে ভারতে যাওয়া মনজুর আলম নামের একজন বছর তিনেক আগে অসুস্থ হয়ে কারাগারে মারা যান।

স্বজনদের কাছে ফিরতে পেরে নুরুল আজিম বলেন, ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালচক্র তাঁদের ছয়জনকে পাচার করেছিল। দালালদের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা।

অনুপ্রবেশের দায়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল জানিয়ে শফিউল আলম বলেন, প্রায় আট বছর তাঁরা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পালস বাংলাদেশ’ এই পাঁচ যুবককে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করে। কারামুক্ত পাঁচ যুবক গতকাল বিকেলে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন পালস বাংলাদেশ কার্যালয়ে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পরে আনুষ্ঠানিকভাবে ফিরে আসা পাঁচ যুবককে স্বজনকে কাছে হস্তান্তর করেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বছরখানেক আগে তাঁরা জানতে পারেন রামুর ছয়জন যুবক ভারতের কারাগারে বন্দী আছেন। তাঁরা মানব পাচারকারীর খপ্পরে পড়েছিলেন। তাঁদের মুক্ত করতে পরিবারের সদস্যরা সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হচ্ছিল না। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ যুবককে কারামুক্ত করে রামুতে ফিরিয়ে আনা হয়েছে।