ফরিদপুরে পদ্মার তীর
গভীর গর্ত করে মাটি তুলে বিক্রি, ভাঙনের শঙ্কা
কোটি কোটি টাকা ব্যয় করে নদীর তীর সংরক্ষণের কাজ করা হয়েছে। বাঁধ ভেঙে গেলে বিপদের শেষ থাকবে না।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ধলার মোড় থেকে উত্তরে সিঅ্যান্ডবি ঘাটের দিকে মদনখালী এলাকায় কুমার নদের উৎসমুখ পর্যন্ত আনুমানিক আড়াই শ মিটার এবং পূর্ব দিকে পদ্মা নদীর তীরে ২০০ মিটারে অবৈধভাবে এ কার্যক্রম চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর গর্ত করে বালু-মাটি তোলা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে পদ্মার তীর সংরক্ষণ বাঁধ এবং ওই এলাকার বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল বলেন, নদীতীরের মাটি যেভাবে কাটা হচ্ছে, তাতে ওই এলাকার বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। যে এলাকায় অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু ও মাটি কাটা হয়, ওই এলাকায় ভাঙন দেখা যায়। এ ছাড়া কোটি কোটি টাকা ব্যয় করে নদীর তীর সংরক্ষণের কাজ করা হয়েছে। বাঁধ ভেঙে গেলে বিপদের শেষ থাকবে না।
নদীর তীর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে ডিক্রিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আজম মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ বিষয়ে আজম মিয়া বলেন, তিনি মাটি কাটার সঙ্গে জড়িত নন। যাঁরা মাটি কাটছেন, তাঁরা জমির মালিকদের কাছ থেকে এক বছরের চুক্তিতে ইজারা নিয়েছেন। এখন বালু ও মাটি কাটা বন্ধ রয়েছে।
এ ছাড়া বালু-মাটি তোলার নেপথ্যে ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান ও তাঁর চাচাতো ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ফকির রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে আবু ফকিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ওরফে মিন্টু বলেন, ‘আমি মাটি কাটার সঙ্গে জড়িত নই। তবে এ ব্যাপারে বারবার আমার নাম ব্যবহার করা হচ্ছে। আমার জানামতে, যে জায়গার মাটি কাটা হচ্ছে, তা ব্যক্তিমালিকানাধীন জমি। জমির মালিকেরা এক বছরের চুক্তিতে প্রতি বিঘা ৩৫-৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই জমিতে ফসল হয় না। তাই তাঁরা মাটি বিক্রি করে দিয়েছেন।’
গত শনিবার বিকেল চারটার দিকে গিয়ে দেখা যায়, ধলার মোড় এলাকায় দুটি এক্সকাভেটর যন্ত্র দিয়ে মাটি খনন করা হচ্ছে। পাশে আরও তিনটি এক্সকাভেটর পড়ে আছে। ৩৫-৪০ ফুট পর্যন্ত গভীর করে নদীর তীর থেকে মাটি কাটা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫টি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ট্রাকে করে মাটি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি বহনের কাজ করছে।
একটি এক্সকাভেটরের চালক শহরের আলীপুর মহল্লার বাসিন্দা মো. রমজান (১৮) বলেন, তিনি ও তাঁর সহকারী মিলে প্রতি রাতে ৬০-৬৫ ট্রাক মাটি কাটতে পারেন। একটি ট্রাকে প্রায় ২০০ ঘনফুট মাটি ধরে। মাটি কাটার বিনিময়ে তিনি ও তাঁর সহকারী প্রতি ঘণ্টা ২০০ টাকা হারে মজুরি পান।
মাটি কাটায় জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি রাতে ৫টি এক্সকাভেটর দিয়ে অন্তত ৬০ হাজার ঘনফুট মাটি কাটা যায়। প্রতি ঘনফুট মাটি বিক্রি করা হচ্ছে পাঁচ টাকা করে। সে হিসাবে প্রতি রাতে মাটি বিক্রি হয় তিন লাখ টাকার।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘ধলার মোড়ে এখন বালু কাটা হচ্ছে না। মাটি কাটা হচ্ছে কি না, তা আমার জানা নেই। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’