‘মাইকে কেউ মাঝিকে সতর্ক হতে বলছিলেন, এর মধ্যেই নদীতে ডুবে যাই’

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা (ডান থেকে) তৈলক্ষ্য, তন্ময় কুমার বর্মন ও শোভা রানীছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদীর পাড় থেকে কারা যেন মাইকিং করছিলেন। মাঝিকে সতর্ক করছিলেন। এর মধ্যেই আমাদের নৌকাটি উল্টে যায়। আমরা সবাই নদীতে ডুবে যাই।’ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির সময়ের কথা এভাবেই বলছিলেন বেঁচে ফেরা যাত্রী তৈলক্ষ্য কুমার বর্মণ (৪২)। তিনি অটোভ্যানের চালক।

তৈলক্ষ্য বলেন, ‘নৌকা ডুবে যাওয়ার পর টের পাই আমার উপরে তিনজন পড়েছে। আমার পায়ে কার যেন শাড়ি প্যাঁচ লেগেছে। সেখান থেকে কোনোমতে ছুটে সাঁতার কাটতে থাকি। পরে দেখি, আমার ভ্যানে যাওয়া দুই নারী হাবুডুবু খাচ্ছে। তাদের টেনে নিয়ে উদ্ধারকারী নৌকার কাছে যাই।’

গত রোববার উপজেলার বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে প্রতিবেশী আটজন যাত্রী নিয়ে আউলিয়ার ঘাটে গিয়েছিলেন তৈলক্ষ্য। ঘাটের গ্যারেজে ভ্যান রেখে যাত্রীদের সঙ্গে তিনিও উঠেছিলেন নৌকায়। নৌকাডুবিতে নিজের কাকিমা আদুরী রানীকে (৪৮) হারিয়েছেন তিনি।

শুধু তৈলক্ষ্যই নন, নৌকাডুবিতে বেঁচে ফেরা মানুষের প্রায় সবাই চেষ্টা করেছেন কাউকে না কাউকে বাঁচানোর। বেঁচে ফেরা এসব মানুষ দুর্ঘটনার ট্রমা কিছুতেই ভুলতে পারছেন না।

বেঁচে ফেরা অন্যন্যা রানী (১৫) নামের এক কিশোরী বলে, ‘নৌকাটা চলতে চলতে হঠাৎ করেই কাত হয়ে উল্টে গেল। এ সময় আমি পানিতে হাবুডুবু খাচ্ছিলাম। পরে একটা লোক এসে আমাকে অন্য একটা নৌকায় তুলে দেয়।’

দাদির সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া সাকোয়া শিশু কানন আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র তন্ময় কুমার বর্মণ বলে, ‘নৌকায় আমি দিদির কাছেই ছিলাম। নৌকা উল্টে গেলে আমি পানিতে পড়ে ডুবে যাই। তখন আমার পাশে থাকা লোকগুলোকে ধরেছি। একটু একুট সাঁতার কাটার চেষ্টা করেছি। এ সময় একটা লোক এসে আমাকে পিঠে তুলে নিয়ে একটা নৌকায় তুলে দেয়। আমি বেঁচে গেলেও আমার দিদি পানিতে ডুবে মারা গেছেন।’

মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে রোববার নাতি তন্ময়কে নিয়ে নদী পার হচ্ছিলেন আদুরী রানী। মাঝনদীতে নৌকাডুবিতে তলিয়ে যান তাঁরা। তন্ময় পাড়ে উঠে এলেও আদুরী হারিয়ে যান। পরের দিন সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্লুইসগেট এলাকা থেকে উদ্ধার হয় আদুরী রানীর লাশ।

রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারের পাশে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত মোট ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।