খুলনায় চলছে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী সমাবেশ করছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার খুলনা নগরের শিববাড়ী মোড়ে
ছবি: সাদ্দাম হোসেন

খুলনায় বিএনপির গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার নগরের শিববাড়ী মোড়ে সন্ত্রাসবিরোধী সমাবেশ করছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আজ বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশ শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।

এর আগে সকালে নগরের মধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে একদল যুবককে মোটরসাইকেল নিয়ে হকিস্টিক উঁচিয়ে নগরে মিছিল করতে দেখা গেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সমাবেশে যোগ দেওয়ার কথা আছে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। যে স্থানে বিএনপির গণসমাবেশ হবে, ওই স্থানের পাশ দিয়ে মিছিলটি যাওয়ার কথা রয়েছে।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান বলেন, দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে এ সমাবেশ আহ্বান করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এহতেশামুল হক বলেন, ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কার্যালয় থেকে সন্ধ্যার পর মঞ্চ তৈরি করতে বলা হয়েছে। সে অনুযায়ী সন্ধ্যার পরই মঞ্চ তৈরি করা হবে। এ কারণে আওয়ামী লীগের মিছিলটি সম্মেলনস্থলের পাশ দিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। সম্মেলন সামনে রেখে বিএনপি কোনো প্রকার উসকানিতে প্রভাবিত হবে না। বিএনপি চায় সুষ্ঠুভাবে সম্মেলন শেষ করতে।