ছেলের লাশ ভেসে উঠল বাড়ির পাশে, বাবার লাশ মিলল ১৫ কিলোমিটার দূরে

রাজশাহীতে পদ্মা নদী থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধারের পর তাঁদের বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের শ্যামপুর বালুরঘাট এলাকায়ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল ইসলামের লাশ ভেসে উঠেছে। ছেলের লাশ ভেসে ওঠে বাড়ির কাছে, আর বাবার লাশটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। পরে লাশ দুটি দাফন করা হয়। মারা যাওয়া বাবা–ছেলের বাড়ি রাজশাহী নগরের কাটাখালী থানার শ্যামপুর বালুঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে।

ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে রাজশাহী নগরের শ্যামপুর বালুরঘাট এলাকায় আজ বেলা দুইটার দিকে ছেলের লাশ ভেসে ওঠে। এই এলাকাতেই তাঁদের বাড়ি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদীতে বাবার লাশ ভেসে ওঠে। নৌ–পুলিশের মাধ্যমে লাশ দুটি উদ্ধার করা হয়।
ফরহাদ হোসেন, উপসহকারী পরিচালক, রাজশাহী ফায়ার সার্ভিস

গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় কাওসার আলীর শ্যালোইঞ্জিনচালিত নৌকাটি পদ্মায় ডুবে যায়। চর থেকে ঝাউগাছ কেটে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নৌকায় কাওসার আলীর স্ত্রী জাহেরা বেগমসহ আরও ছয় যাত্রী ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতার কাটছিলেন। অন্য একটি নৌকা গিয়ে তাঁদের উদ্ধার করে।

সবার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুঘাট এলাকায় পদ্মা নদীর পাড়েই। নদীর চর থেকে ঝাউগাছ ও খড় কেটে এনে বিক্রি করতেন তাঁরা। গত মঙ্গলবার নৌকাডুবির পর কাওসার ও তাঁর ছেলে জিয়ারুলকে পাওয়া যায়নি। সাঁতরে বেঁচে ফিরেছিলেন কাওসারের স্ত্রী জাহেরা।

আরও পড়ুন

আজ সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে কাওসার আলীর লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজনের মাধ্যমে এ খবর পান স্বজনেরা। দুপুরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাজশাহীর তালাইমারী এলাকায় ছেলে জিয়ারুলের লাশ ভেসে ওঠে। লাশ দুটি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। পরে তাঁদের দাফন করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে রাজশাহী নগরের শ্যামপুর বালুরঘাট এলাকায় আজ বেলা দুইটার দিকে ছেলের লাশ ভেসে ওঠে। এই এলাকাতেই তাঁদের বাড়ি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদীতে বাবার লাশ ভেসে ওঠে। নৌ–পুলিশের মাধ্যমে লাশ দুটি উদ্ধার করা হয়।

নগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কাদেরী জানান, এ বিষয়ে আজ তাঁর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।