রহিমের দুই সন্তানের হৃদ্‌যন্ত্রে ছিদ্র, টাকার অভাবে হচ্ছে না অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ দুই শিশুসন্তান কোলে আবদুর রহিম
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ পৌর শহরের টাউন হল মার্কেটে চা বিক্রি করে সংসার চালান আবদুর রহিম (৬২)। স্ত্রী ও তিন সন্তান নিয়ে এমনিতেই অভাবে দিন কাটছিল তাঁর। এর মধ্যে দুই শিশুসন্তানের হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে। এ জন্য আট লাখ টাকা লাগবে। দুই সন্তানের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব নয় দরিদ্র এই চা–বিক্রেতার পক্ষে।

রহিমের বাড়ি সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায়। একসময় পরিবারে সচ্ছলতা ছিল। ব্যবসায় লোকসান দিয়ে এখন পথে পথে চা বিক্রি করেন। বড় ছেলে তালহা (১১) তৃতীয় শ্রেণিতে পড়ে। দ্বিতীয় ছেলে উসামা (৭) পড়ে প্রথম শ্রেণিতে। আরেক মেয়ে রুহির বয়স এক বছর। উসামা ও রুহির হৃদ্‌যন্ত্রে ছিদ্র।

রহিম প্রথম আলোকে বলেন, বছরখানেক আগে উসামার প্রচণ্ড জ্বর ও বুকে ব্যথা হয়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে। এর ছয় মাস পর রুহির একইভাবে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয় এবং চিকিৎসকের কাছে নিয়ে গেলে একই সমস্যা ধরা পড়ে। এরপর থেকে তাদের মাঝেমধ্যে শ্বাসকষ্ট ও জ্বর হয়।

শিশুসন্তান দুটি বুকে ব্যথায় প্রায়ই কান্নাকাটি করে জানিয়ে রহিম বলেন, প্রতিবেশীদের পরামর্শে সম্প্রতি দুই সন্তানকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক মো. নুরনবী খোন্দকারের কাছে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ঢাকায় যাওয়ার জন্য কিছু অর্থসহায়তায়ও দেন নুরনবী। গত ৮ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুন্নাহার ফাতেমাকে দেখান। তিনি উসামা ও রুহিকে দেখে অস্ত্রোপচার করার পরামর্শ দেন।

ছেলে ও মেয়ের চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপত্র দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চা–বিক্রেতা রহিম।

তিনি বলেন, ‘দুজনের চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা ঋণ করেছি। এখন অপারেশন করাতে আরও আট লাখ টাকা লাগবে। এত টাকা কোথায় পাব—এই চিন্তায় রাতে ঘুম হয় না। অবুঝ দুইটা সন্তানের কান্না সইতে পারি না। ওদের বাঁচাতে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সাহায্য চাই।’

জানতে চাইলে তেঘরিয়া এলাকার বাসিন্দা মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, অসুস্থ দুই শিশুসন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় আছেন আবদুর রহিম। মানুষজনের সহায়তা ছাড়া সন্তানদের চিকিৎসা করানোর সামর্থ্য তাঁর নেই।