কেএনএফের ভয়ে ঘর ছেড়ে রুমা সদরে আশ্রয় ৫০ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের রুমায় মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে আশ্রয় নেওয়া মুয়ালপিপাড়ার বাসিন্দাদের একাংশ
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ভয়ে পাইন্দু ইউনিয়নের মুয়ালপিপাড়ার ২৩৩ জন মারমা ঘরবাড়ি ছেড়ে উপজেলা সদরে আশ্রয় নিয়েছেন। তাঁদের সেখানে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। গত বুধবার গভীর রাতে তাঁরা ঘর থেকে পালিয়ে উপজেলা সদরে আশ্রয় নেন।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, পালিয়ে আসা ব্যক্তিরা ৫০টি পরিবারের। এর মধ্যে ১১২ জন পুরুষ ও ১২১ জন নারী। হাঁটাচলা করতে না পারায় মুয়ালপিপাড়ার মারমা বাসিন্দাদের মধ্যে প্রবীণ দুই নারী রয়ে গেছেন।

উপজেলা সদরে আশ্রয় নেওয়া ব্যক্তিরা জানান, উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত মুয়ালপিপাড়ায় ৮০টি বম ও ৫০টি মারমা পরিবার বসবাস করে। মারমা পরিবারগুলোকে তথ্য পাচারের অভিযোগ এনে কেএনএফ সদস্যরা বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছেন। সাংগ্রাইং উৎসবের মধ্যেই এলাকার মংনাক মারমা (৪০) ও মংবাসিং মারমাকে (৩৮) ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তাঁরা দুজন রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তাঁদের নির্যাতনের পর থেকে মারমাপাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাঁরা কেএনএফের বাধার মুখে এত দিন পালাতে পারেননি। বুধবার রাতে সামাজিক অনুষ্ঠান থাকার সুযোগে ঘর থেকে বের হয়ে যান।

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, মুয়ালপিপাড়া ছাড়াও ৭ এপ্রিল খামতাংপাড়া থেকে ২২টি পরিবার রুমা উপজেলা সদরে আশ্রয় নেয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, মুয়ালপিপাড়ার মারমা পরিবারগুলো কেন উপজেলা সদরে আশ্রয় নিতে এসেছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের স্থানীয় জনপ্রতিনিধিরা দেখভাল করছেন।

উল্লেখ্য, সশস্ত্র সংগঠন কেএনএফ ২০২২ সালের মে-জুন থেকে ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন; বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম এলাকায় তৎপরতা শুরু করে। তাঁরা বম, পাংখুয়া, লুসাই, খুমি, খেয়াং ও ম্রো—এই ছয়টি জনগোষ্ঠীর অধিকারের জন্য সশস্ত্র আন্দোলন করছে বলে দাবি করে আসছে। সংগঠনটির গোপন আস্তানায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৩ অক্টোবর থেকে ওই এলাকায় অভিযান শুরু করে।