ডিবির হাতে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলেন সহযোগীরা
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান জেলা ডিবির সদস্যরা। এ সময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে আটক করা হয়। পারভেজের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানাজানি হলে পারভেজের সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটালে পিছু হটেন ডিবির সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে কৌশলে পারভেজকে নিয়ে পালিয়ে যান তাঁর সহযোগীরা।
মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম বলেন, গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পারভেজের কয়েক শ লোক জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। পরে পালিয়ে যান পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীকে ধরতে থানা–পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।