ঘেরের পানিতে ভাসছিল তরুণের মরদেহ, শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত

লাশপ্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা এলাকায় বিল কেদারিয়ার একটি মাছের ঘের থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই তরুণের নাম আরিফুল ইসলাম (১৯)। তিনি মনিরামপুর উপজেলার বালিধা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ঘেরে মজুরের কাজ করতেন।

পুলিশ বলছে, তাঁর মাথা, কপাল ও দুই হাতের কবজিতে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, আজ সকালে বিল কেদারিয়ায় ঘের ব্যবসায়ী আনোয়ার ফকিরের মাছের ঘেরের পানিতে ভাসছিল আরিফুলের মরদেহ। সেখানে মাছ ধরতে আসা কয়েকজন আজ সকালে মরদেহটি ভাসতে দেখেন। পরে গ্রামবাসী পুলিশে খবর দেন। মনিরামপুর থানা থেকে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম। তিনি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।