নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তিনটি গরুর মৃত্যুতে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুতায়িত ডোবায় পানি পান করতে গিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষক মানুয়েল চিসিমের তিনটি গরুর মৃত্যুর ঘটনায় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ সোমবার সকালে মানুয়েল চিসিম কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরিটি করেন। এতে পল্লী বিদ্যুতের দায়িত্বের অবহেলা উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগকারী মানুয়েল চিসিম লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ি চেগ্নী এলাকার বাসিন্দা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চেগ্নী এলাকায় বেশ কিছুদিন ধরে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মেইন লাইনের একটি তার ছিঁড়ে পাশের ডোবায় পানিতে পড়ে ছিল। বিষয়টি স্থানীয় লোকজন মৌখিকভাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।

গত শনিবার সন্ধ্যার আগে কৃষক মানুয়েল চিসিমের পাঁচটি গরু ওই ডোবায় পানি পান করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়। অপর দুটি গরু আহত হয়। এ ঘটনায় গরুর মালিক মানুয়েল চিসিম কলমাকান্দা থানায় আজ সকালে একটি সাধারণ ডায়েরি করেন।

মানুয়েল চিসিম প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ডোবার পানিতে পড়ে ছিল। তাঁরা ওই অফিসের লোকজনকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির উদাসীনতায় তাঁর তিনটি গরুর মৃত্যু হয় এবং দুটি গরু গুরুতর আহত হয়েছে।

মানুয়েল চিসিম আরও বলেন, তিনি গরিব মানুষ। ক্ষতিপূরণ দাবি করে থানায় অভিযোগ করেছেন। ন্যায়বিচার পাবেন বলে আশা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান প্রথম আলোকে বলেন, গরু মারা যাওয়ার ঘটনায় মানুয়েল চিসিম নামের এক কৃষক থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রাশেদুজ্জামান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে ডোবায় পড়ার বিষয়ে কোনো অভিযোগ পাননি তাঁরা। তিনটি গরুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ দায়িত্বে অবহেলা করে থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।