‘বেবাক জিনিসের দাম চড়া, শুধু আমাগোরে দাম নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিতে বোরো ধানের চারা রোপণের মৌসুম চলছে। শ্রম বিক্রি করতে বাজারে এসে গৃহস্থের অপেক্ষায় আছেন কৃষিশ্রমিকেরা। আজ সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মধ্যবাজারে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মধ্যবাজারে আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় কুয়াশায় ঢাকা চারদিক। এর মধ্যে শ্রমজীবী মানুষ শ্রম বিক্রি করতে বাজারে জড়ো হয়েছেন। চলতি বোরো মৌসুমে জমিতে ধানের চারা রোপণ করতে গৃহস্থের অপেক্ষায় তাঁরা।

আজ সকালে বাজারে কথা হয় কয়েকজন কৃষিশ্রমিকের সঙ্গে। তাঁরা প্রত্যেকেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় উদ্বিগ্ন। মানুষের জমিতে কাজ করে কিংবা শ্রম বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে গেছে বলে জানান তাঁরা। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাঁতী গ্রামের কৃষিশ্রমিক আয়ুব আলী বলেন, ‘বাজারে কিনতে গেলে বেবাক জিনিসের দাম চড়া, শুধু আমাগোরে দাম নাই। হারাদিন মজুরি খাইটা যা পাই, তা দিয়া ত্যাল, নুন, দরকারি জিনিসপাতি কিনতেই শ্যাষ।’

খামারগাঁতী গ্রামের কৃষিশ্রমিক আলতাব হোসেন বলেন, ‘সবকিছুর দাম বাড়ে, কিন্তু আমাদের মজুরির দাম বাড়ে না। গত সিজনে যে মজুরি পাইছি, এবারও তা–ই। কিন্তু গত কয়েক মাসে সবকিছুর দামই বাড়ছে।’

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৩৭০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে কৃষিশ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপজেলার রণতিথা এলাকার গৃহস্থ ও কৃষক বেল্লাল হোসেন বলেন, খেতে ধানের চারা লাগানোর উপযুক্ত সময় এখন। তাই শ্রমিক নিতে এসেছেন। জনপ্রতি দিন হাজিরা ৫০০ টাকা। পাঁচজন কৃষিশ্রমিক নিয়েছেন। তাঁদের দুপুরের খাবার দিতে হবে।
ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃষক লালচাঁন মিঞা বলেন, এ মৌসুমে এখনো কৃষিশ্রমিকের মজুরি আগের মতোই আছে। তবে দুপুরে খাবার দিতে হয়। জিনিসপত্রের দাম বাড়ায় খাবারের খরচ বেড়েছে।