‘ডিম বেইচা আর জান বাঁচে না, আয় বাড়লেও মুরোদ নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরের বিভিন্ন স্থানে ঠেলাগাড়িতে সেদ্ধ ডিম বিক্রি করেন সাদিক মিয়া
ছবি: প্রথম আলো

প্রায় ২৫ বছর আগে সেদ্ধ ডিম বিক্রি শুরু করেন মো. সাদিক মিয়া (৫২)। ব্যবসা শুরুর সময় প্রতিটি সেদ্ধ ডিম বিক্রি করতেন ৫ টাকা করে। ওই সময় ডিম বিক্রি করে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা আয় করতেন তিনি। এতেই সংসার চলত। সময়ের ব্যবধানে সাদিক মিয়া এখন প্রতিটি ডিম ২০ টাকায় বিক্রি করেন। ডিমের দাম প্রায় চার গুণ বেড়েছে ঠিকই, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। বরং আগের চেয়ে অভাব আরও বেড়েছে।

সাদিক মিয়ার বাড়ি হবিগঞ্জের লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামে। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁর পরিবার। পরিবারের লোকজন হবিগঞ্জেই থাকেন। তবে তিনি সিলেট শহরের বিভিন্ন স্থানে ঠেলাগাড়িতে সেদ্ধ ডিম বিক্রি করেন। দিন শেষে তাঁর আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এই আয় দিয়ে সংসার চলে না বলে জানালেন সাদিক মিয়া।

গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় সাদিক মিয়ার সঙ্গে আলাপ হয়। ঠেলাগাড়ি নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন আর ডিম বেইচা জান বাঁচে না। আগের চাইতে আয় বাড়লেও মুরোদ নাই।’

আলাপের একপর্যায়ে পরিবারের প্রসঙ্গ উঠল। সাদিক মিয়া বলেন, পরিবার ছেড়ে দূরে থাকতে ভালো লাগে না। কিন্তু পেটের দায়ে চলতে হয়। নিজের অন্তত ভিটা থাকলে এলাকায় কিছু একটা করতেন। তবে গ্রামে জমি নিয়ে বিরোধে বসতভিটাসহ সব হারিয়েছেন। ছেলেমেয়েদের বেশি পড়াশোনা করাতে পারেননি। এ জন্য প্রায় দুই বছর আগে একমাত্র ছেলেকেও সিলেটে নিয়ে এসেছেন। এখন তাঁর ছেলেও আলাদা ডিমের ব্যবসা করছেন। তাঁর তিন মেয়ের মধ্যে একজনের বিয়ে দিয়েছেন। সংসারে এখন পাঁচ সদস্য।

সাদিক বলেন, বাড়িতে ভিটা ও আবাদি জমি ছিল। তবে তিনি বাড়ি ছেড়ে আসার পর সেটি জালিয়াতি করে চাচাতো ভাইয়েরা কেড়ে নিয়েছেন বলে তিনি দাবি করেন। এখন পরিবারের অন্য সদস্যরা তাঁর শ্বশুড়বাড়িতে থাকেন। প্রতি মাসেই পরিবারের জন্য খরচ পাঠান। আগে কম টাকা আয় করলেও জিনিসপত্রের দাম কম ছিল বলে টেনেটুনে সংসার চলত। কিন্তু নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। এ জন্য এখন আয় বাড়লেও অভাব কাটেনি।

এসব কথা বলতে বলতে হঠাৎ থেমে যান সাদিক মিয়া। দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘এই যে আমার ভিটা–মাটি কেড়ে নিল। এর বিচার হবে না? আমি কি ভিটা–মাটি পাব না? আইন–আদালত করতে গেলে খরচ বাড়বে। সংসার চালাতেই হিমশিম অবস্থা। এর মধ্যে আইন–আদালত করলে বাড়ির লোকজনকে না খেয়ে থাকতে হবে।’ একপর্যায়ে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘গরিবের তো আল্লাহ আছেন। তিনিই বিচার করবেন।’