ভোটকেন্দ্র বাতিল ও স্থানান্তরের প্রতিবাদ

বিএনপির সাবেক সংসদ সদস্যের এলাকার ভোটকেন্দ্র বাতিল করে আওয়ামী লীগের সংসদ সদস্যের গ্রামে নেওয়া হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়ায় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রথম আলো

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের দুটি ভোটকেন্দ্র বাতিল ও স্থানান্তরের প্রতিবাদে গতকাল শনিবার উপজেলার সোনাইমুড়ী ও একবাড়িয়া বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। তবে সোনাইমুড়ী বাজারে মানববন্ধনে পুলিশ বাধা দেয় এবং একজনকে আটক করে পরে ছেড়ে দেয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী নির্বাচন কমিশনের খসড়া তালিকা বাতিল করার জোর দাবি জানান। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক ওই কর্মসূচি পালিত হয়।

খসড়া তালিকায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সম্পাদক জাকারিয়া তাহেরের (সুমন) সোনাইমুড়ী গ্রামের ভোটকেন্দ্র বাতিল করে স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর গ্রামের বাড়ির ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সদস্যসচিব ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেন।

এতে কুমিল্লা-৮ আসনের বরুড়ার সোনাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বাতিল করে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়। এ ছাড়া একবাড়িয়া আলিম মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে গণকখুলী ও হরিশপুরা গ্রামের ভোটারদের নতুন ভোটকেন্দ্র নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত এই খসড়া তালিকার প্রতিবাদে গতকাল ওই মানববন্ধন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সোনাইমুড়ী বাজারে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে বাধা দেয়। তখন আফজল হোসেন নামের এক বিএনপির কর্মীকে আটক করা হয়। পরে পুলিশ বাজারে জটলা করবে না, এই মর্মে তাঁকে ছেড়ে দেয়।

তবে আফজল হোসেন বলেন, ‘১৯৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সোনাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আসছেন সোনাইমুড়ী, সাতবাড়িয়া, পদুয়ারপাড়, আদ্রা ও নছরপাড় গ্রামের ভোটাররা। ২০১৪ সালের ৫ জানুয়ারি সোনাইমুড়ী কেন্দ্র থেকে দুটি গ্রাম নিয়ে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র হয়।

এর পর থেকে আদ্রা ও নছরপাড়ের ভোটাররা ওই ভোটকেন্দ্র ভোট দেন। আদ্রা কেন্দ্রে ভোটার ১ হাজার ৪০৬ জন। সোনাইমুড়ী কেন্দ্রে ভোটার ২ হাজার ৬৭৭ জন। এখন বড় কেন্দ্র বাদ দিয়ে ছোট কেন্দ্রের সঙ্গে আমরা কেন যাব? একটা কেন্দ্র তো এভাবে বাতিল করতে পারে না কমিশন।

আওয়ামী লীগের সংসদ সদস্যের ইন্ধনে এটা হয়েছে। আমরা সোনাইমুড়ী কেন্দ্রে ভোট দেব। আমাদের বিএনপি নেতা জাকারিয়া তাহের সাহেব সোনাইমুড়ীতে ভোট দেবেন। সোনাইমুড়ী ঐতিহ্যবাহী গ্রাম। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার—সবই আছে। সড়কের পাশে উন্নত যোগাযোগব্যবস্থার মধ্যে এই ভোটকেন্দ্র। আদ্রা কেন্দ্র অনেক ভেতরে—এক প্রান্তে। অবিলম্বে এই তালিকা প্রত্যাহার করতে হবে।’

এদিকে একবাড়িয়া বাজারে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেন গণকখুলী ও হরিশাপুরা এলাকার আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা। অংশ নেন আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন পাটোয়ারী, ইউপির সদস্য মিজানুর রহমান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন পাটোয়ারী।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, ‘বড় ধরনের কোনো কারণ ছাড়া প্রতিষ্ঠিত ভোটকেন্দ্র বাতিল হওয়ার সুযোগ নেই।’