চট্টগ্রামের আকাশ মেঘলা, ঠান্ডার অনুভূতি বেশি

আজ সকাল ১০টাও চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে রাস্তা–ঘাট ছিল ফাঁকা। তবে কাজের সন্ধানে বের হতে হয়েছে শ্রমজীবি মানুষজনকে। আজ সকালে নগরের ফয়স লেক এলাকায়ছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ বুধবার সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। মেঘ ও কুয়াশায় জড়াজড়ি করে হয়েছে দিনের শুরুটা। গুমোট মেঘলা আকাশের কারণে সকাল থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে।

সাগরে লঘুচাপের কারণে চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানায়।

মেঘলা আকাশ ও কুয়াশার কারণে দিনের তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা বাড়লেও শীতের অনুভূতি কমেনি। আজ সকাল ১০–১১টায়ও নগরের অধিকাংশ রাস্তাঘাট অন্য দিনের চেয়ে ফাঁকা ছিল। এমন আবহাওয়ার মধ্যেও খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শীতের কাঁপুনি উপেক্ষা করে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে এসেছেন অভিভাবকেরা। এ ছাড়া জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষকেও সকালে ছুটতে হয়েছে কর্মক্ষেত্রে।

শীতের কাঁপুনি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আজ সকাল ১০ টায় নগরের ফয়স লেক এলাকায়
ছবি: জুয়েল শীল

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৯টায় চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এম এইচ এম মোসাদ্দেক বলেন, সকাল থেকে চট্টগ্রামে আকাশ মেঘাচ্ছান্ন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। লঘুচাপের কারণে আগামী দুই দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।