আট যমজের অন্য রকম এক দিন, নাচে-গানে সাফল্য উদ্‌যাপন

চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া আট যমজের উপস্থিতি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে
ছবি: প্রথম আলো

তাসনুবা নুর ও নাহিয়ান তাসনিম যমজ দুই বোন। চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। আজ বৃহস্পতিবার তাঁদের কলেজের প্রথম দিন ছিল। কলেজের নবীনবরণ শেষে তারা এসেছিল চাঁদপুরে প্রথম আলো-শিখো আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও ছয় যমজ। তাদের উপস্থিতি উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বৃহস্পতিবার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে যখন আট যমজকে একসঙ্গে ডেকে নেওয়া হয়, তখন পুরো মিলনায়তনে করতালিতে ছেয়ে যায়। চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া তাসনুবা নুর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, ‘কলেজের প্রথম দিন, নবীনবরণ আর সংবর্ধনা সব মিলিয়ে আজকের দিনটি আমাদের জন্য অন্য রকম এক আনন্দের।’

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ চাঁদপুর পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়।

চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে
ছবি: প্রথম আলো

এবারের আয়োজনের পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

চাঁদপুরের সংবর্ধনা অনুষ্ঠানে নিবন্ধন করেছিল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় ৮০০ শিক্ষার্থী। ভ্যাপসা গরম আর বৃষ্টির বাধা উপেক্ষা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে আসেন। সারিবদ্ধভাবে তারা ক্রেস্টসহ অন্যান্য উপহারসামগ্রী নিয়ে রাজবাড়ী কমিউনিটি সেন্টারে আসন গ্রহণ করে।

বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইকবালুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক প্রমুখ।

চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে গান শোনান ঢাকা থেকে আসা শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা। বৃহস্পতিবার শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে
ছবি: প্রথম আলো

উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইকবালুর রহমান বলেন, সন্তানের ভালো ফলে অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, যাতে সে জীবনের সব ক্ষেত্রে ভালো করতে পারে। এ জন্য অভিভাবক হিসেবে সব সময় তার পাশে থাকতে হবে। তাহলে সেসব ক্ষেত্রে সফল হবে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ দেওয়ার পাশাপাশি মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন।

চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে মো. সোলায়মান ও তানিয়া এবং শিক্ষার্থীদের পক্ষে আলিকা তাহসিন রাইসা ও সাজ্জাদ হোসাইন অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানে প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল শিক্ষার্থীদের ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মুখস্থবিদ্যা ও মিথ্যাকে ‘না’ বলার শপথ পড়ান।

অনুষ্ঠানের শেষে ঢাকা থেকে আসা শিল্পী অনিক সূত্রধর শিক্ষার্থীদের গান শোনান। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠান মাতিয়ে রাখেন। তাঁদের গানে গলা মেলায় শিক্ষার্থীরা। নাচে-গানে উৎসবে পরিণত হয় সংবর্ধনাস্থল। এ ছাড়া দিনভর নানা আয়োজনে মেতেছিল কৃতী শিক্ষার্থীরা।