‘বিতর্ক মানুষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে’

দিনাজপুরে চলছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। আজ শুক্রবার সকাল নয়টার দিকে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসব শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করছেন উৎসবে যোগ দিতে আসা বিতার্কিকেরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রিক সভ্যতার সময় থেকেই সমাজে বিতর্কের শুরু। ক্লিওন, ডায়োডোটাস, সিসেরোর মতো ব্যক্তিরা সে যুগে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের ভালোমন্দ বিচার করতেন, সুপারিশ করতেন জনসমক্ষে বিতর্ক করে। তবে সমাজ পরিবর্তনে ব্যক্তিমানুষের ভূমিকা পাল্টে গিয়ে এখন সংগঠনগুলো এগিয়ে আসছে। প্রথম আলো-পুষ্টি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। বিতর্কের মধ্য দিয়ে মানুষ যুক্তিকাঠামোভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। যাঁরা বিতর্ক বিষয়ে জ্ঞানচর্চা করেন, সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তাঁরা শক্তিশালী ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে অন্যের মতামত বা সমালোচনা শোনার মানসিকতা তৈরি হয়। সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠুক বিতর্ক প্রতিযোগিতা।’

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। সকাল ৯টার দিকে শহরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন ‍কুমার রায় বলেন, বিতর্ক হচ্ছে একটি নান্দনিক ঝগড়া, যার মধ্য দিয়ে মানুষের মেধা ও মনন প্রস্ফুটিত হয়। বিতার্কিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো কঠোরভাবে এবং সমালোচনা মূলকভাবে চিন্তা করার ক্ষমতা। বিতর্ক মানুষকে নানা বিষয়ে কথা বলতে, নিজের দৃষ্টিভঙ্গি অন্যের কাছে তুলে ধরতে শেখায়।

দিনাজপুরে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবে চলছে যুক্তির লড়াই। আজ শুক্রবার সকালে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

এর আগে সকাল আটটা থেকে উৎসবস্থলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের নিয়ে আসতে থাকেন। সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মোট ১৪টি স্কুলের শিক্ষার্থী বিতর্ক, কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। বন্ধুসভার সদস্যদের সঙ্গে সহযোগিতায় আছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

আজ প্রথম রাউন্ডের বিতর্কের পর সেমিফাইনাল ও চূড়ান্ত বিতর্ক শেষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল জলিল আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির প্রমুখ।

১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এ স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।