মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়া যুবকদের একজন রেলের কর্মচারী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ভেতর থেকে গলাকাটা হরিণ উদ্ধারের পর থেকে ফেসবুকে মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। ওই ছবিতে থাকা এক যুবকের পরিচয় পাওয়া গেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, লাউয়াছড়ার মাগুরছড়াসংলগ্ন এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক ব্যক্তি কাস্তে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। ওই যুবকের নাম সোহেল। তিনি রেলের গণপূর্ত বিভাগের মেকানিক। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের দুই কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছবিতে দেখা যাওয়া অন্য যুবকদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার সকালে কালনী ট্রেনের ইঞ্জিনরুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় একটি মৃত মায়া হরিণ উদ্ধার করা হয়। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। পরিবেশবাদীরা ছবিটি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। পরিবেশবাদী ও বন বিভাগের দাবি, ভাইরাল হওয়া ছবির হরিণটি পরে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লাউয়াছড়ার মাগুরছড়াসংলগ্ন এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক ব্যক্তি কাস্তে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। তাঁর পেছনে আরও ছয়জন হাঁটছেন। এর মধ্যে দুজন মিলে একটি মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন। মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার ওই ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের পরিচয়ের ব্যাপারে রেলওয়ের কোনো কর্মকর্তা প্রকাশ্যে বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ছবিতে কাস্তে হাতে থাকা ওই ব্যক্তির নাম সোহেল। তিনি রেলওয়ের শ্রীমঙ্গল থেকে শমসেরনগর এলাকায় দায়িত্ব পালন করেন। তাঁকে সবাই ‘সোহেল মিস্ত্রি’ নামে চেনেন।
এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের কয়েকজন কর্মচারী বলেন, গত বুধবার ভানুগাছ থেকে সকাল ৮টা ২৮ মিনিটে কালনী ট্রেনটি ছাড়ে। সকাল ৮টা ৫৪ মিনিটে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। স্বাভাবিকভাবে ভানুগাছ থেকে শ্রীমঙ্গলে যেতে ২০ মিনিট লাগলেও বুধবার ২৬ মিনিট সময় লেগেছিল।
ওই ট্রেনের যাত্রী সন্তুশ দাস বলেন, তিনি কুলাউড়া থেকে ট্রেনে উঠেছিলেন।
লাউয়াছড়া আসার পর ট্রেন থেমে যায়। তখন তিনি আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারেন, একটা হরিণের জন্য ট্রেন থেমেছে। পরে তিনি মৃত অবস্থায় একটা হরিণকে ট্রেনে তুলতে দেখেন। হরিণটি ট্রেনে তোলার পর ট্রেন আবার ছেড়ে যায় বলে জানান তিনি। অনেকেই ওই সময় বিষয়টি ভিডিও করেছেন। তিনি অন্যদের কাছে শুনেছেন, আহত হরিণটিকে ট্রেনে তোলার আগেই জবাই করে হত্যা করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ গুলজার প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্ত করে তাঁর বিভাগের বা রেলওয়ের অন্য বিভাগের যে দায়ী হবে তার শাস্তি হবে।
মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ‘লাউয়াছড়ায় যদি ট্রেনের সঙ্গে হরিণটি ধাক্কাও খায়, এভাবে তাকে হত্যা করা উচিত হয়নি। হরিণটিকে হয়তো বাঁচানো যেত। এভাবে ট্রেন থামিয়ে আহত প্রাণীকে যাঁরা হত্যা করেছেন, তাঁদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমরা শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন যেহেতু দুর্বৃত্তদের পরিচয়ও পাওয়া গেছে, সেহেতু তাঁদের দ্রুত আটক করা হোক।’
কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ বলেন, ‘ছবি ও ভিডিও ভাইরাল হলো। হত্যাকারীরা রেলওয়ের লোকজন হওয়ার পরও রেলওয়ের কেউ মুখ খোলেননি। একটা বনের পশুকে এভাবে হত্যা করা হলো। এখন পরিচয় পাওয়ার পরও তাঁদের আটক করা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একটা ট্রেন থামিয়ে একটা হরিণকে হত্যা করে আবার ট্রেনে তোলা হলো, আবার তা–ও প্রকাশ্যে। আমরা হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করি।’