কলমাকান্দায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত
নেত্রকোনার কলমাকান্দায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বউ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের মো. শাহজাহানের ছেলে আবু বক্কর (১৯), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৮) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (২৩)। তাঁরা একই মোটরসাইকেলে আরোহী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন জুলহাস মিয়া (২০) ও রায়হান মিয়া (১৮), অপর একজনের নাম জানা যায়নি। আহত তিনজন অপর মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁদের বাড়ি কলমাকান্দারই বিভিন্ন গ্রামে।
দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে আবু বক্কর ও মাসুদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঈদের দিন ঘোরাঘুরি করতে একটি মোটরসাইকেলে করে আবু বক্করসহ তিন বন্ধু সীমান্ত এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের আরোহী ছিলেন জুলহাসসহ তিনজন। ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে আবু বক্কর ও মাসুদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত অন্য চারজনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণেরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।