নেত্রকোনা-৫ : উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে সংসদ সদস্য জামায়াতের মাছুম মোস্তফা

মাছুম মোস্তফা
ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দাঁড়াপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮২ হাজার ১৭৭ ভোট।

রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাছুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। মাছুম মোস্তফা ২ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।

এই আসনে ভোটারের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭৭। ৮২টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৮৬৮টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৯৩৮টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৩০। ভোট পড়েছে ৫৮ দশমিক ২১ শতাংশ।

মাছুম মোস্তফা নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। ১৯৯৪ সালে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। দলের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি পূর্বধলা উপজেলা পরিষদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এবার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। তিনি মাছুম মোস্তফা পূর্বধলার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক।

বিজয়ী মাসুম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমি সব সময় অহিংস ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তাই পূর্বধলাবাসী এর আগেও আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেছিলেন। এবারও আমাকে তাঁদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। দোয়া করবেন, আমি যেন তাঁদের সেবক হয়ে সেই আশার প্রতিফলন ঘটাতে পারি। জাতি–বর্ণ–ধর্মনির্বিশেষে সবাইকে নিয়ে আধুনিক বৈষম্যহীন ও উন্নয়নের রোল মডেল পূর্বধলা গড়ে তুলতে চাই। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলব ইনশা আল্লাহ।’