ডাল কাটতে উঠে বরইগাছে সংজ্ঞা হারালেন গাছকাটা শ্রমিক, এরপর যা হলো

দুই ডালের মধ্যবর্তী স্থানে বসা অবস্থায় হঠাৎ সংজ্ঞা হারান হযরত আলী। পরে সেখান থেকে তাঁকে নামান ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শনিবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামেছবি: ভিডিও থেকে সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ গাছের ডাল কাটতে উঠে সংজ্ঞা হারান হযরত আলী (৬৫) নামের এক শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আজ শনিবার সকালে উপজেলার বীর আলী হাতিজা গ্রামে এ ঘটনা ঘটে।

হযরত আলী বীর হাতিজা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন গাছকাটা শ্রমিক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়ির আঙিনায় একটি বরইগাছে উঠে ডাল কাটছিলেন হযরত আলী। একপর্যায়ে দুই ডালের মধ্যবর্তী স্থানে বসা অবস্থায় হঠাৎ সংজ্ঞা হারান তিনি। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখে তাঁকে নামানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উঁচু গাছটি থেকে হযরত আলীকে নিরাপদে নামানো হয়। পরে তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। বর্তমানে চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন।