‘মনডা আর চাচ্চে না গরমের ভিতর কাজ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচুখেতে কাজ করতে নেমে ঘামে ভিজে গেছে কৃষক মহিদুল ইসলামের জামা। আজ শনিবার বেলা ১১ টায় হাজরাহাটি মাঠে এলাকায়
ছবি: শাহ আলম

খালি গায়ে আপন মনে হাপরের রশি (বাতাস তৈরির যন্ত্র) টেনে চলেছেন নাসির উদ্দিন (৫০)। মাঝেমধ্যে লোহার শিক দিয়ে কয়লার আগুন ইস্পাতের টুকরার গায়ে ছড়িয়ে দিচ্ছেন। গনগনে আগুনে ইস্পাত লাল হয়ে উঠতেই তা হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানাচ্ছেন। এদিকে গরমে সারা শরীরে ঝরছে ঘাম। মনে হচ্ছে, এইমাত্র পানির ভেতর থেকে ডুব দিয়ে উঠলেন। পরনের লুঙ্গিও ভিজে একাকার।

ইস্পাতের টুকরা পিটিয়ে দা তৈরি করতে করতে নাসির বলেন, ‘আগুন নিয়েই আমাগের কাজ। আগুনের তাপের সঙ্গে কয় দিন ধরে ভ্যাপসা গরমে গায় জামা রাকা যাচ্চে না। লুঙ্গিও ভিজে যাচ্চে। সারা দিনি প্রায় ৫০ বার গায়ের ঘাম মুচতি হচ্চে। মনডা আর চাচ্চে না গরমের ভিতর কাজ করি। কিন্তু সামনে কুরবানি। তাই, অ্যাকন থেইকেই কাজের চাপ শুরু হয়ে গিয়েচে। কাজ ফেলে রাকার উপায় নেই।’

চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরকারি ছাগল খামার এলাকার আজ শনিবার সকাল ৯টার দিকে কথা হয় নাসির উদ্দিনের (৫০) সঙ্গে। মৃদু ও মাঝারি দাবদাহের পর গতকাল শুক্রবার থেকে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ বয়ে চলেছে। গতকাল সন্ধ্যায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকেই চুয়াডাঙ্গায় রৌদ্রোজ্জ্বল আকাশে মাঝেমধ্যে মেঘের ভেলা ভেসে বেড়ালেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। তবে খেটে খাওয়া মানুষ এতে পড়েছেন বিপাকে।

কাঠ ফাড়াই করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা আবদুল হামিদের। আজ সকালে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ এলাকায়
ছবি: প্রথম আলো

সকাল ১০টায় পৌর ডিগ্রি কলেজের পূর্ব দিকে জ্বালানি কাঠের আড়তে মিনারুল ইসলাম (৫২) ও আবদুল হামিদকে (৫৮) কুড়াল দিয়ে কাঠ ফাড়াই করতে দেখা যায়। একজনের পরনে লুঙ্গি, অপরজনের পায়জামা। তবে কারও গায়ে কোনো পোশাক না থাকলেও ঘেমেনেয়ে একাকার।

সাতগাড়ি এলাকার বাসিন্দা আবদুল হামিদ বলেন, স্বাভাবিক সময়ে একেকজন দিনে ২০ থেকে ২৫ মণ কাঠ ফাড়াই করতে পারেন। প্রতি মণ কাঠ ফাড়াই করলে ৩৫ টাকা করে মজুরি পান। সে হিসাবে ৭০০ থেকে ৮০০ টাকা উপার্জন করে থাকেন। কিন্তু গত কয়েক দিনের গরমের কারণে ১০ মণের বেশি ফাড়াই করা যাচ্ছে না। এর ফলে আয়রোজগার অর্ধেকের নিচে নেমে গেছে।

পৌর কলেজপাড়ার বাসিন্দা মিনারুল বলেন, ‘গরমে যেরাম ঠিকমতো কাজ করা যাচ্চে না, সেরাম আয়রুজগার কুমে যাওয়ায় সুংসার চালানো খুপ কষ্ট হয়ে পড়চে।’

আরও পড়ুন

বেলা ১১টার দিকে পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মাঠে গিয়ে বেশ কয়েকজন কৃষককে ফল, ফসল ও সবজির খেতে কর্মব্যস্ত দেখা যায়। সবাই ঘেমে একাকার। মাঝেরপাড়ার বাসিন্দা কৃষক মহিদুল ইসলামের এই মাঠে মোট সাত বিঘা জমিতে কচু, আখ ও মরিচখেত আছে। কচুখেতে সেচ দেওয়ার সময় গরমে ঘেমে গায়ের জামা ভিজে টপটপ করে ঘাম ঝরছে, পরনের লুঙ্গিও ভিজে চপচপে।

মহিদুল বলেন, ‘রোদির চাইতে ভ্যাপসা গরমে বেশি সমস্যা করচে। ঘাইমে সারা শরীল চুলকাচ্চে। কিন্তু কাজ শেষ না কইরে তো বাড়ি যাওয়ার উপায় নেই। গাচতলায় বসেও শান্তি পাওয়া যাচ্চে না। ভাত রান্দার সুমায় হাঁড়ির ওপর দিয়ে যেরাম ভাপ বের হয়, কদিন ধরে সেরাম ভ্যাপসা গরমে জানডা আনচান করচে।’

আরও পড়ুন

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে সাত দিন মৃদু, সাত দিন মাঝারি ও আট দিন প্রচণ্ড দাবদাহ বয়ে যায় এই জেলার ওপর দিয়ে। ওই মাসের ২ থেকে ১৬ এপ্রিল একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। মে মাসে ১২ দিন মৃদু, ৪ দিন মাঝারি ও ৩ দিন প্রচণ্ড দাবদাহ বয়ে যায় এই জেলায়। ১ জুন সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (মাঝারি দাবদাহ) এবং ২ জুন সন্ধ্যায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (প্রচণ্ড দাবদাহ) তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, আজ দুপুর ১২টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৫৫ শতাংশ। সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা আরও বেড়ে যাবে। তহমিনা বলেন, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আরও কয়েক দিন এই অবস্থা চলতে থাকবে।

আরও পড়ুন