স্মৃতিসৌধে স্লোগান-মিছিল, সুনামগঞ্জে আওয়ামীপন্থী ২৭ আইনজীবীর নামে মামলা, দুজন গ্রেপ্তার
স্মৃতিসৌধে মিছিল-স্লোগানসহ ফুল দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নামে মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০ থেকে ৬০ জন।
গ্রেপ্তার দুই আইনজীবী হলেন মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। মিজানুর জেলা ছাত্র লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায়, শামীম আহমেদ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলার বাদী সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক। এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই আইনজীবী এবং গতকাল মহান স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে মিছিল, স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন মামলায় তাঁদের সবাইকে আসামি করা হয়েছে।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এই সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। তাঁরা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। মিছিলের ছবি, ভিডিও নিজেদের ফেসবুকে প্রচার করেছেন। এটি তাঁরা করতে পারেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতা দিবসের সকালে গতকাল বেলা ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যান। সেখানে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্মৃতিসৌধে তাঁরা ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।