রূপগঞ্জে বিএনপির সম্মেলন ঘিরে আ.লীগের অবস্থান ও মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সম্মেলন ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে অবস্থান নিয়ে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে পূর্বাচল উপশহর ১০ নম্বর সেক্টরের জয় বাংলা চত্ত্বর এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে অবস্থান নিয়েছেন ও মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে ও মহড়া দিতে দেখা গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল ১০টায় পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের জয় বাংলা চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন ও বিক্ষোভ হওয়ার কথা ছিল। সকালে বিএনপির নেতা-কর্মীরা সম্মেলনের জায়গায় মঞ্চ তৈরি করে চেয়ার বিছানোর পর আওয়ামী লীগের লোকজন এসে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। সংঘর্ষের আশঙ্কায় তাঁরা আর সেখানে যাননি।

মহড়ায় পাইপ হাতে একজন। শুক্রবার সকালে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকায়
ছবি: প্রথম আলো

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ঘোষণা অনুযায়ী শুক্রবার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের কয়েক দিন আগে থেকেই কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় মহড়া দেওয়া শুরু করেন। সংঘর্ষের আশঙ্কায় বিএনপি সম্মেলনের স্থান পরিবর্তন করে পূর্বাচলে নিয়ে যায়। কিন্তু সেখানেও শেষ পর্যন্ত সম্মেলন করতে পারেনি।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের অভিযোগ সত্য নয়। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া বৃহস্পতিবারের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে কারণে আমাদের লোকজন পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে ছিলেন। তাঁরা মিছিল-সমাবেশ করেছেন।’ তবে মোটরসাইকেল নিয়ে মহড়ায় কর্মীদের হাতে লাঠি থাকার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের জয় বাংলা চত্বরে গিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নিয়ে বিএনপিবিরোধী মিছিল করতে দেখা গেছে। তবে সেখানে কোনো ভাঙচুরের আলামত পাওয়া যায়নি। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতা আনসার আলীর নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মো. জিলানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোহন মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির বিরুদ্ধে সকাল থেকেই আমরা অবস্থান নিয়েছি। সকালে আমরা প্রায় সাড়ে চার শ মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি। কেবল আমরাই নই, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমাদের নেতা-কর্মীরা সতর্ক অবস্থান করছেন।’

বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জয় বাংলা চত্বর, গোলাকান্দাইল স্ট্যান্ড, কাঞ্চন সেতু, তারাব বিশ্বরোড মোড়, নগরপাড়া বাজার, চনপাড়া ও বালু সেতু এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান, মিছিল ও মোটরসাইকেল নিয়ে মহড়া করতে দেখা গেছে। মহড়ায় থাকা নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠি ও স্টিলের পাইপ চোখে পড়ে।

লাঠিসোঁটা নিয়ে মহড়ায়। শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায়
ছবি: প্রথম আলো

বিকেল পাঁচটায় চনপাড়া শেখ রাসেল পুনর্বাসনকেন্দ্র এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দেখা গেছে। মিছিল বিষয়ে জানতে চাইলে জাহেদ আলী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট নাগরিকের জানমালের ক্ষতি করতে ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে সক্রিয় আছি।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিএনপির সম্মেলন বিষয়ে তাঁদের জানা নেই। রূপগঞ্জের কোথাও কোথাও আওয়ামী লীগ শান্তিপূর্ণ মিছিল করেছে। কোনো সংঘর্ষ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।