বগুড়ায় আওয়ামী লীগ নেতা আসাদুর রহমানের নামে দুদকের মামলা
১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৮০ লাখ ২৪ হাজার ৯৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এ কে এম আসাদুর রহমান ওরফে দুলুর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল বুধবার দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি করেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মামলার নথি এখনো দুদক থেকে আদালতে আসেনি। নথি আদালতে আসার পরপরই আইনগত প্রক্রিয়া শুরু হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দ্দারের ছেলে ও বর্তমানে বগুড়া শহরের ফুলদীঘি এলাকার জাহানারা মঞ্জিলের বাসিন্দা এ কে এম আসাদুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক সত্যতা পেয়ে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিলের জন্য এ কে এম আসাদুর রহমানকে নোটিশ পাঠানো হয়। গত ৫ মার্চ আসাদুর রহমান নোটিশ গ্রহণ করেন। ওই বছরের ২৫ জুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আসাদুর রহমান নিজ নামে স্থাবর-অস্থাবর মিলে ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার সম্পদের তথ্য দেন। সম্পদের ওই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে আসাদুর রহমানের স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের তথ্য পায় দুদক। অনুসন্ধানে ৮০ লাখ ২৪ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করার সত্যতা পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, দুদকের অনুসন্ধানে স্থাবর-অস্থাবর মিলিয়ে এ কে এম আসাদুর রহমানের ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের মধ্যে ৬৩ লাখ ৩০ হাজার টাকা দায়দেনা রয়েছে তাঁর। দায়দেনা বাদে সম্পদের পরিমাণ ৩ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২০৯। এর মধ্যে পারিবারিক ব্যয় ৬৮ লাখ ১৮ হাজার ৭১৭ টাকা। ব্যয়সহ সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৯২৬ টাকা। গ্রহণযোগ্য আয় ২ কোটি ৭১ লাখ ৫২ হাজার ৩৬ টাকা। দুদকের অনুসন্ধানে আসাদুর রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।
অভিযোগের বিষয়ে এ কে এম আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। ঠিকাদারি ও হাট ইজারার ব্যবসা থেকে যে সম্পদ অর্জন করেছি, তার আয়কর ফাইলও খোলা আছে। সম্পদ বিবরণীতে কোনো তথ্য গোপন করা হয়নি। মামলা হয়েছে, তদন্তও হবে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
মামলার বাদী ও দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান প্রথম আলোকে বলেন, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে দুদকে মামলা করা হয়েছে।