ভাঙ্গায় পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পাঁচজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাজার থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক শ ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আহত পাঁচজনের মধ্যে চারজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গার মানিকদহ ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুটি দলের মধ্যে বিরোধ আছে। একটি দলের নেতৃত্ব দেন মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের করিম মাতুব্বর ও অন্য পক্ষের নেতৃত্ব দেন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের আমির হোসেন মীর। অতীতে বিভিন্ন সময় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে উভয় পক্ষ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া মাছবাজারে মাছ কেনা নিয়ে করিম মাতুব্বরের পক্ষের রুহুল মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ আমির হোসেন মীরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের লোকজন বাজারে জড়ো হন। এ সময় আমির হোসেনের পক্ষ নিয়ে করিম মাতুব্বরের দুই ছেলে সুলতান মাতুব্বর (৫০) ও ওমর মাতুব্বরকে (৪৫) কুপিয়ে জখম করেন বাজারের মাংস বিক্রেতারা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে করিম মাতুব্বরের দুই সমর্থক সেকেন মোল্লা (৬২) ও আয়নাল মাতুব্বরকে (৪১) কুপিয়ে জখম করা হয়। সংঘর্ষের একপর্যায়ে আমিরের সমর্থক মো. মোশাররফকে (৪৪) পিটিয়ে আহত করেন করিম মাতুব্বরের সমর্থকেরা। পরে দুই পক্ষের শত শত মানুষ ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সুলতান মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভুইয়া বলেন, মাছ কেনা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। ওই বাগ্‌বিতণ্ডা ও পূর্ববিরোধে চারজনকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে জখম ও আহত করার ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে অবস্থান নেয়। পরে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বেলা দুইটা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।