রূপসা ও সীমান্ত এক্সপ্রেস থেকে খুলে রাখা হয়েছে শীতাতপনিয়ন্ত্রিত ৪ কোচ, যাত্রীদের দুর্ভোগ
রেলওয়ে সূত্রে জানা যায়, চারটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ আছে সীমান্ত ও রূপসা ট্রেনে। এসব কোচে আসনসংখ্যা ৩০২। প্রচণ্ড গরমে এসব কোচের প্রতি যাত্রীদের আগ্রহও বেশি। তবে কোচগুলোর শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা অকেজো হয়ে পড়ায় গত ১৪ মে তা খুলে রাখা হয়েছে। কোচগুলো জরুরি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হচ্ছে।
সৈয়দপুর শহরের সাহেবপাড়ার রুখসানা নামের এক গৃহবধূ বলেন, প্রচণ্ড গরমে সাধারণ আসনে চলাচল করা খুবই কঠিন। বৃদ্ধ ও শিশুদের কষ্ট সবচেয়ে বেশি। এক মাসে তাঁকে দুবার খুলনায় যেতে হয়েছে। কোচের শীতাতপনিয়ন্ত্রিতব্যবস্থা দ্রুত চালু করা দরকার।
সৈয়দপুর রেলস্টেশনের মাস্টার ওবায়দুল ইসলাম বলেন, গত ১৪ মে থেকে রূপসা-সীমান্ত এক্সপ্রেস ট্রেনে স্নিগ্ধা (এসি) ও স্লিপার কোচ নেই। ওই ট্রেন দুটিতে সৈয়দপুরের অনেক ব্যবসায়ী, কর্মজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতায়াত করেন। এসির টিকিট না পেয়ে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। তাঁরাও এতে বিব্রত হচ্ছেন।
পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (পাকশী) রিফাত শাকিল বলেন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছিল না বলে খুলে রাখা হয়েছে। কোচগুলো মেরামতের জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হচ্ছে।
কোচগুলো কারখানায় এলে দ্রুত মেরামত করা হবে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান।