ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলা থেকে শিক্ষকের নাম প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের সুবচনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। শুক্রবার সদর উপজেলার মনোহর বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলা থেকে প্রধান শিক্ষকের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। আজ শুক্রবার উপজেলার মনোহর বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে শিক্ষকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মনোহর বাজার থেকে আংগারিয়া উচ্চবিদ্যালয় মাঠে যান।

এর আগে ১ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরভী আক্তারকে (১৫) এক সহপাঠীর মা-ভাই হেনস্তা ও মারধর করায় সে আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পালং মডেল থানায় মামলা করেন ছাত্রীর মা ডালিয়া আক্তার। মামলায় সুরভীর সহপাঠী, তাঁর মা ও ভাইয়ের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে আসামি করা হয়।

পুলিশ ও সুবচনী উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চরলক্ষ্মী নারায়ণ গ্রামের জাহাঙ্গীর ওঝার মেয়ে সুরভী সুবচনী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। পাশের পূর্ব সোনামুখী গ্রামের মৃত মজিদ তালুকদারের ছেলে আল আমিন তার সহপাঠী। আল আমিনের সঙ্গে সুরভীর প্রেমের সম্পর্ক আছে সন্দেহ করে আল আমিনের পরিবার। আল আমিনের বড় ভাই পারভেজ ও তার মা পারুল বেগম ১ সেপ্টেম্বর বিদ্যালয়ে গিয়ে এ জন্য সুরভীকে গালিগালাজ করার পাশাপাশি জুতাপেটা করেন। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের আয়া দুপুরে তাকে বাড়িতে পৌঁছে দেন। এর কিছুক্ষণ পর পারুল ও পারভেজ সুরভীদের বাড়িতে গিয়ে সুরভীর মা ডালিয়া আক্তারকে গালিগালাজ করতে থাকেন। এ সময় অভিমান করে সুরভী দৌড়ে বসতঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনার পর ২ সেপ্টেম্বর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেন ডালিয়া আক্তার। মামলায় আল আমিন, তার ভাই পারভেজ, মা পারুল বেগম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে আসামি করা হয়। ওই মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সুরভীকে টিসি দিয়েছেন। এ জন্য সুরভী মানসিকভাবে ভেঙে পড়ে।

প্রধান শিক্ষককে মামলায় আসামি করার প্রতিবাদে এবং তাঁর নাম প্রত্যাহারের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর সড়কের মনোহর বাজার এলাকায় মানববন্ধন করেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের অন্তত ৪০০ শিক্ষক।

শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, বিদ্যালয়ের এক ছাত্র ও ছাত্রীর প্রেমের সম্পর্কের ঘটনা নিয়ে ছাত্রের মা ও ভাই ছাত্রীকে হেনস্তা করেছেন। এটা বিদ্যালয়ের বাইরের ঘটনা। এর সঙ্গে কোনোভাবেই প্রধান শিক্ষকের ভূমিকা নেই। তা ছাড়া দশম শ্রেণির কোনো শিক্ষার্থীকে টিসি দেওয়ার বিধান নেই। প্রধান শিক্ষক নাসির উদ্দিন স্থানীয় রাজনীতির শিকার। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

মামলার পর থেকে সুবচনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আত্মগোপনে আছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, সুবচনী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের ভাই ও মা তার সহপাঠী ছাত্রীকে হেনস্তা ও মারধর করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিক্ষকের সম্পৃক্ততা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।