শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার, স্বামী আটক
শেরপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক গৃহবধূ ও তাঁর শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যশেরী শিংপাড়া এলাকার একটি ভাড়া বাসার সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে সদর থানার পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে।
নিহত দুজন হলেন শেরপুর শহরের মধ্যশেরী শিংপাড়া এলাকার মো. মাশেকের স্ত্রী রোকসানা বেগম (২৮) ও তাঁর ছেলে রাফি (১১)। রোকসানার বাবার বাড়ি শেরপুর শহরের খরমপুর টিক্কাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ মিয়ার মেয়ে। শেরপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে আয়া হিসেবে কাজ করতেন রোকসানা। আটক মাশেক সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও নিহত দুজনের স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মাশেকের সঙ্গে রোকসানার বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মাশেক মাদক সেবনে জড়িয়ে পড়েন। তিনি মাদক কিনতে টাকার জন্য মাঝেমধ্যেই স্ত্রী রোকসানাকে মারধর করতেন। এ নিয়ে রোকসানা স্বামী মাশেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। পরবর্তী সময়ে উভয় পরিবারের লোকজন আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেন এবং রোকসানা মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলেই আসছিল।
পুলিশ আজ সকালে মাশেককে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাসার সেপটিক ট্যাংক থেকে দুপুরে রোকসানা ও রাফির লাশ উদ্ধার করে পুলিশ।
এর জের ধরে ৩ ডিসেম্বর রাতের কোনো এক সময় মাশেক স্ত্রী রোকসানা বেগম ও ছেলে রাফিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে শিংপাড়া এলাকার ভাড়া বাসার সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেন। ঘটনার পরপরই মাশেক পালিয়ে যান।
রোকসানা বেগমের বড় বোন সুফিয়া বেগম শহরের শিংপাড়া এলাকার ওই ভাড়া বাসায় গিয়ে তাঁর ছোট বোন রোকসানা ও সন্তানদের দেখতে না পেয়ে গতকাল বুধবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির সূত্র ধরে সদর থানার পুলিশ আজ সকালে মাশেককে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শিংপাড়া এলাকার বাসার সেপটিক ট্যাংক থেকে আজ দুপুরে রোকসানা ও রাফির লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাশেক স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।