চট্টগ্রামে ঝটিকা মিছিল, দূরপাল্লার বাস বন্ধ, ঢিলেঢালা অবরোধ
তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন আজ রোববার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে স্বাভাবিক রয়েছে যান চলাচল।
এদিকে অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ সকালে নগরের মুরাদপুর, অক্সিজেন মোড়, ওয়াসা মোড়, নতুন ব্রিজসহ নগরের বিভিন্ন স্থানে গণপরিবহনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে বেশি। নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে অবরোধের সমর্থনে নগরের নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর নেতৃত্বে নতুন ব্রিজ এলাকায় একটি ঝটিকা মিছিল বের হয়।
এতে বেশ কিছুসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া নগরের পাহাড়তলী, ইপিজেড ও সদরঘাট এলাকায়ও ঝটিকা মিছিল বের হয়।
নগর মহিলা দল অবরোধের সমর্থনে মিছিল বের করে। নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ আক্তারের নেতৃত্বে একটি মিছিল নগরের পোর্ট কানেক্টিং রোড এলাকায় বের হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের পর থেকে চট্টগ্রামে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে গতকাল শনিবার পর্যন্ত ৪৮টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার করা হয় প্রায় ৭০০ জনকে।