রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল সাইকেল কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একসময়ের মঙ্গাপীড়িত এলাকা গঙ্গাচড়া। সেই মঙ্গা এখন অতীত। উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মঙ্গা তাড়িয়েছেন আর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। সেই ধারাবাহিকতায় আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধনের মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়ায় লালচান্দপুর এলাকায় গঙ্গা ফাউন্ড্রি লিমিটেডের আরএফএল দুরন্ত বাইসাইকেল কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক মুক্তির মিছিলে আরএফএল গ্রুপ একটি অনন্য নাম। বিশ্বের অনেক দেশে প্রাণ-আরএফএলের পণ্য রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রাণ-আরএফএল গ্রুপ এই বাইসাইকেল উৎপাদনের মাধ্যমে আরও এগিয়ে যাক। এর মাধ্যমে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি।

আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গঙ্গাচড়ায় বাইসাইকেলের দ্বিতীয় কারখানা চালু করা হলো। স্থানীয় বাজারের সব সাইকেল এখানে তৈরি করা হবে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বছরে উৎপাদন করা হবে ছয় লাখ বাইসাইকেল। এ ছাড়া এ খাতে দক্ষ জনবল তৈরি ও দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ কারখানা স্থাপন করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল সাইকেল কারখানা
ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, সম্মানিত অতিথি রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিরা বাইসাইকেল কারখানা পরিদর্শন করেন।

রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ-আরএফএল গ্রুপের এ বাইসাইকেল কারখানায় বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি টাকা। ৭০ হাজার বর্গফুটের কারখানাটিতে ইতিমধ্যে বাইসাইকেল উৎপাদন শুরু হয়েছে, যেখানে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।