নওগাঁয় হাসপাতালের চিকিৎসকদের বয়ান শুনল হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত দল নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করে। বুধবার সকালে হাসপাতালে
ছবি: প্রথম আলো

নওগাঁয় র‍্যাব হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর ঘটনায় আজ বুধবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তাঁরা ঘটনার দিন হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে আহ্বায়ক করে আট সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার জেসমিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এই তদন্ত দল।

আরও পড়ুন
আরও পড়ুন

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুরে কোনো প্রশ্ন না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, ‘জেসমিনের স্বজন, বাড়িওয়ালা, জেসমিনকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী, নওগাঁ ও রাজশাহী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, র‍্যাব সদস্য, রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত ২০-২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন আমরা তদন্ত দলের সদস্যরা একসঙ্গে বসে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করব। প্রয়োজনে আবারও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলব। যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

তদন্ত কমিটির হাসপাতাল পরিদর্শন বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত দলের সদস্যরা সকাল ৯টার দিকে হাসপাতালে আসেন। এ সময় তাঁরা হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ডের যে শয্যায় সুলতানা ছিলেন তা পরিদর্শন করেন। যেদিন সুলতানাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেদিন যে দুজন চিকিৎসক তাঁর চিকিৎসা করেছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া সংশ্লিষ্ট নার্স ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। জেসমিনকে কখন, কীভাবে, কে হাসপাতালে নিয়েছে, কী কী চিকিৎসা দেওয়া হয়েছে তাঁর বর্ণনা শুনেছেন। সিসিটিভি ফুটেজ তাঁরা আগেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করেছেন।

আরও পড়ুন

সুলতানা ও এনামুলের লেনদেনের প্রমাণ জমা

ডিজিটাল নিরাপত্তা আইনে সুলতানা জেসমিনের বিরুদ্ধে করা প্রতারণা মামলার বাদী যুগ্ম সচিব এনামুল হক। তাঁর সঙ্গে জেসমিনের টাকা লেনদেনের প্রমাণ হিসেবে জেসমিনের হাতে লেখা ৪৬টি চিরকুট তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন তাঁর স্বজনেরা।

জেসমিনের মামা নাজমুল হক বলেন, ‘সোমবার তদন্ত কমিটি আমিসহ জেসমিনের ছেলে, তাঁর ভাই ও দুলাভাইয়ের সঙ্গে কথা বলেছে। এ সময় আমরা সুলতানার ঘর থেকে পাওয়া ৪৬টি চিরকুট তদন্ত কমিটির কাছে জমা দিয়েছি। এসব চিরকুটে মামলার বাদী এনামুলের ব্যাংক হিসাব ও বিকাশ হিসাব নম্বর লেখা আছে। এ ছাড়া কখন, কোথায় টাকা বিকাশ করা হয়েছে, তা-ও লেখা আছে। মামলার তদন্তের স্বার্থে কাগজগুলো আমরা তদন্ত কমিটির কাছে জমা দিয়েছি।’ তিনি বলেন, ‘আমার ভাগনিকে তো আর ফিরে পাব না। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাক।’

আরও পড়ুন
সুলতানা জেসমিন
ছবি: সংগৃহীত

হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ২২ মে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নওগাঁর পুলিশ সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে।

র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল ২২ মার্চ সকালে জেসমিনকে আটক করে। স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নিয়ে র‍্যাব এ অভিযান চালায়। এনামুল হকের অভিযোগ, জেসমিন ও আল আমিন নামের এক ব্যক্তি তাঁর (এনামুল) ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তাঁরা প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

আটকের পরের দিন ২৪ মার্চ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তাঁর মৃত্যুর পর রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগ্ম সচিব এনামুল হকের করা একটি মামলার কথা জানা যায়, যেটি রেকর্ডের সময় ২৩ মার্চ বিকেলে। জেসমিন ও তাঁর কথিত সহযোগী আল আমিনকে এতে আসামি করা হয়। আল আমিনকে ২৬ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন