পোশাকশ্রমিকদের জন্য জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ঈদের বিশেষ ট্রেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের পোশাকশ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচ দিন ঈদের জন্য বিশেষ ট্রেন (ঈদ স্পেশাল ট্রেন) চলাচল করবে। পোশাকশ্রমিকদের জন্য রেল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। আজ বুধবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের ভিআইপি বিশ্রামাগারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ বিশেষ ট্রেন দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জয়দেবপুর থেকে উত্তরবঙ্গগামী মানুষের চাপ থাকে বেশি। এ জন্য ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ নামের ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর-পঞ্চগড় রেলপথে চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া সাতটায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছাবে পরদিন ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বেলা ৩টা ৪৫মিনিটে।
সংবাদ সম্মেলনে রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে বলেন, ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট ও শান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে। ঈদের আগে ৭ এপ্রিল অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে কিনতে হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। যাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কেনা হবে, তাঁকে অবশ্যই ট্রেনে থাকতে হবে। টিকিটগুলো প্রতিদিন সকাল আটটা থেকে কেনা যাবে। এ জন্য অবশ্যই আগে থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ কার্যক্রম ১ মার্চ শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ যাত্রী অনলাইনে ঈদের টিকিটের জন্য নিবন্ধন করেছেন। ট্রেনে ২৫ শতাংশ যাত্রী টিকিট কেটে দাঁড়িয়ে গন্তব্যে যেতে পারবেন। এ টিকিট যাত্রার দিনেই স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
সফিকুর রহমান আরও বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকেও উত্তরবঙ্গগামী আরও একটি স্পেশাল টেন চলাচল করবে। এ ছাড়া অন্যান্য দিনের মতো ৬২টি ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক ও ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটোয়ারী উপস্থিত ছিলেন।