ফায়ার সার্ভিসের উন্নয়নে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এবং পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলেছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগগুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বাহিনীর সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এবং পাসিং আউট প্যারেড (নবীন সদস্যদের প্রশিক্ষণ সমাপ্তির পর আনুষ্ঠানিক কর্মজীবনে প্রবেশের কুচকাওয়াজ) ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। সব দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়। তাই অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিক, যুগোপযোগী করতে লোকবল ও স্টেশন বাড়ানো হবে।

দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা সবার আগে মানুষের পাশে দাঁড়ান উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ জন্য তাঁদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ৫২ জন অগ্নিদুর্ঘটনা মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন।

ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে যুক্ত হন। তাঁদের মধ্যে বনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ৯ জনকে পদক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাহসিকতা ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ সদস্যকে পদক দেওয়া হয়।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ মে তিন দিনব্যাপী সারা দেশে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ছবি: সংগৃহীত