আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে হাঁটুপানি, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় হাঁটুপানি জমে। আজ রোববার বিকেলে
ছবি: সংগৃহীত

সামান্য বৃষ্টিতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় হাঁটুপানি জমে যায়। রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার টানা বৃষ্টিতে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় পানি জমে। এতে বাংলাদেশ-ভারতের সাধারণ যাত্রীদের দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম বলেন, রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। এতে ইমিগ্রেশনের ভবনের সামনে হাঁটুপানি জমে। পানি সরতে সময় লেগেছে। কারণ, ইমিগ্রেশন ভবনের পাশে পুকুরটি পানিতে থই থই। পানির কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট সূত্রে জানা গেছে, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের যাত্রীরা আসা-যাওয়া করেন। প্রতিদিন এক থেকে দেড় হাজার যাত্রী চলাচল করেন। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের সামনে আখাউড়া-আগরতলা সড়কের অবস্থান। সড়কটি ইমিগ্রেশনের সামনের এলাকা থেকে তিন-চার ফুট উঁচু। এ জন্য অল্প বৃষ্টিতেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের সামনের উঠানে পানি জমে। এতে দুই দেশের যাত্রীদের পানি মাড়িয়েই ইমিগ্রেশন ভবনে প্রবেশ করতে হয়। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

রোববার দুপুর ১২টার দিকে আখাউড়ায় বৃষ্টি শুরু হয়। চলে বেলা দুইটা পর্যন্ত। প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে ইমিগ্রেশনের ভবনের সামনের উঠানে হাঁটুপানি জমে। পরে ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পানি সরানোর ব্যবস্থা করেন। ইমিগ্রেশন ভবনের পূর্ব-দক্ষিণ দিকে একটি পুকুর আছে। নালা তৈরি করে ভবনের সামনের পানি ওই পুকুরে সরানোর ব্যবস্থা করেন পুলিশের সদস্যরা। তবে এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইমিগ্রেশন ভবনের সামনের উঠানে পানি জমে ছিল।

জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভবন সংস্কার, রাস্তা ও যাত্রীদের টয়লেট মেরামতকাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। ওই দিন দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইমিগ্রেশনের মেরামতকাজ বন্ধ রাখার জন্য বিজিবিকে জানায়। পরে বিজিবি ইমিগ্রেশনে গিয়ে মৌখিকভাবে বললে রাস্তা ও টয়লেটের মেরামতকাজ বন্ধ রাখা হয়।

বাংলাদেশি নাগরিক মিজানুর রহমান বলেন, একটা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সামান্য বৃষ্টিতেই পানি জমে। এটি নিরসনে কোনো ব্যবস্থা নেই। যাত্রীসেবা কোথায় তাহলে। তা ছাড়া ইমিগ্রেশনের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

আরেক নাগরিক আবদুল মান্নান বলেন, বৃষ্টিতে ভিজে হাঁটুপানি পাড়ি দিয়ে ইমিগ্রেশন ভবনে যেতে হয়েছে। কয়েক দিন পরপরই দুই দেশের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও মন্ত্রীরা এই সীমান্ত দিয়ে যাতায়াত করেন। পানির সমস্যা দ্রুতই সমাধান করা দরকার।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান আহমেদ ভূইয়া পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘মাস দেড়েক আগে আমি এখানে যোগদান করেছি। আখাউড়া-আগরতলার শূন্যরেখা অতিক্রমে করে বাংলাদেশ অংশে প্রবেশ করে সড়ক দিয়ে ইমিগ্রেশন ভবনের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিএসএফের বাধায় রাস্তার সংস্কার বন্ধ রাখা হয়। তিনি বলেন, রোববারের বৃষ্টিতে ইমিগ্রেশনে জলাবদ্ধতা সৃষ্টি হলে যাত্রীরা সড়ক দিয়ে এসে হাঁটুপানির ওপর দিয়েই ইমিগ্রেশন ভবনে যান। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এখনো পানি রয়েছে। তবে রোববার ভারতে ছুটির দিন হওয়ায় যাত্রীদের চাপ একটু কম ছিল। পানির সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’