মাপে কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিং স্টেশন
ফাইল ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে এক আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কে এম ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ আজ রোববার বিকেলে দামুড়হুদা থানা–পুলিশকে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। ফিলিং স্টেশনটির মালিক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর আগে দামুড়হুদা উপজেলা শহরে দামুড়হুদা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। সর্বোচ্চ খুচরা মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে ইঞ্জিন অয়েল (মবিল) বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে। এই ফিলিং স্টেশনের মালিক শাহজাহান আলী।

সজল আহমেদ আজ রোববার রাতে প্রথম আলোকে বলেন, দামুড়হুদা ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা ইঞ্জিন অয়েলের (মবিল) বোতল ও কৌটাগুলোতে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা মুছে ফেলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নেওয়া হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা মিললে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০০৯–এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহমেদ আরও বলেন, দামুড়হুদা ফিলিং স্টেশনে পেট্রল ও ডিজেল পরিমাপে সঠিক পাওয়া গেলেও কে এম ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। দুটি মেশিন পরীক্ষাকালে ৫ লিটার জ্বালানিতে ১০০ গ্রাম করে পরিমাণে কম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯–এর ৪৮ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেছেন।